সংরক্ষিত মহিলা এমপি বাড়ছে; আসছে সংবিধানের সপ্তদশ সংশোধনী
- আপলোড তারিখঃ
২৬-০১-২০১৮
ইং
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের আসন সংখ্যা বাড়ছে। নারী সদস্যদের সংখ্যা বাড়িয়ে ৫০ থেকে ৬০ করা হচ্ছে। আগামী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮’-এর খসড়া অনুমোদনের জন্য উঠবে। সংরক্ষিত মহিলা আসন নিয়ে এনিয়ে তিন দফা সংবিধানে সংশোধনী আনা হচ্ছে। এর আগে ২০০৪ ও ২০১১ সালে দুই দফা সংসদে মহিলা এমপি’র সংখ্যা বাড়াতে সংবিধানের সংশোধনী আনা হয়। বর্তমানে ৩০০ জন সংসদ সদস্য প্রাপ্তবয়স্ক ভোটারের সরাসরি ভোটের ভিত্তিতে নির্বাচিত হন।
শুরুতে সংরক্ষিত নারী এমপিদের জন্য ৩০টি আসন বরাদ্দ ছিল। সপ্তম সংসদে শেষ বারের মতো ৩০টি আসনের বিধান চালু ছিল। তবে অষ্টম সংসদের আগেই আসন সংখ্যা বাড়িয়ে ৪৫টি আসনের বিধান চালু করা হয়। এজন্য ২০০৪ সালের মে মাসে সংবিধানের চতুর্দশ সংশোধনী আনা হয়। ২০০৪ সালে পাস করে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত ধারার অনুচ্ছেদ ৬৫(৩)তে উল্লেখ করা হয়- ‘সংবিধানের (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করে দশ বৎসরকাল অতিবাহিত হইবার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভাঙ্গিয়া না যাওয়া পর্যন্ত পঁয়তাল্লিশটি আসন কেবল মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত থাকিবে এবং সংসদ কর্তৃক পাশকৃত আইনের সাপেক্ষে সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে সংরক্ষিত আসনে মহিলারা নির্বাচিত হইবেন।’ এরপর সর্বশেষ ২০১১ সালের ৩রা জুলাই সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ হতে বাড়িয়ে ৫০ করা হয়েছে। এদিকে সংরক্ষিত নারী আসনের এই ব্যবস্থা থাকলেও নারীরা সাধারণ নির্বাচনেও প্রার্থী হতে পারছেন।
কমেন্ট বক্স