বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নগদ টাকা মোবাইলসহ দুটি মোটরসাইকেল লুট : মাঠ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০১৮ ইং
নগদ টাকা মোবাইলসহ দুটি মোটরসাইকেল লুট : মাঠ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার
দু’দিনের ব্যবধানে জীবননগরে আবারও ডাকাতদলের তান্ডব জীবননগর অফিস/তিতুদহ প্রতিনিধি: জীবননগর চিংড়িখালী ব্রীজের কাছে সড়কে গাছ ফেলে নগদ টাকাসহ দুটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। সোমবার রাত ৯টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের চিংড়িখালী ব্রিজের কাছে তান্ডব চালায় ডাকাতদল। এ সময় ২০/২২ জন মুখোশধারী তাদের গতিরোধ করে নগদ টাকা, দুইটি মোটরসাইকেল ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর পাঁচকবর নামক স্থানের কলাবাগান থেকে একটি অ্যাপাসি মোটরসাইকেল উদ্ধার করে তিতুদহ ক্যাম্প পুলিশ। ওই মোটরসাইকেলটি সোমবার রাতে জীবননগরের চিংড়িখালী থেকে ছিনিয়ে নেয় ডাকাতদল। ডাকাতির কবলে পড়া জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদেনীপুর গ্রামের রউফ বিশ্বাসের ছেলে ইসরাইল বিশ্বাস (৪০) বলেন, তিনি ওই রাতে জীবননগর বাজার থেকে কাজ শেষে মেদেনীপুর যাওয়ার পথে ২০/২২ জন মুখোশধারী ডাকাত তার গতিরোধ করে। এ সময় কাছে থাকা একটি ১২৫ সিসি লাল কালো-রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল যার রেজিষ্ট্রেশন নং-চুয়াডাঙ্গা হ-১২-০২৪১ এবং দুটি দামী মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে তিনি মঙ্গলবার জীবননগর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং -৬৮২। একই ঘটনার শিকার জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ডের লালু তরফদারের ছেলে ফুল ব্যবসায়ী বাদশা বলেন, তিনি ও তার এক সঙ্গী জমির চাষাবাদ দেখে বাড়ি ফেরার সময় চিংড়িখালী তিন রাস্তার মোড়ের একটু দুরে বেশ কয়েকজন মুখোশধারী ডাকাত সদস্যরা দেশী তৈরি হাসুয়া ও লাঠিসোঁটা নিয়ে রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। এ সময় একটি টিভিএস এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল ছিনিয়ে নেয় ডাকাতরা। তবে গতকাল মঙ্গলবার সদর উপজেলার তিতুদহ গ্রামের গহেরপুর গ্রামের মাঠ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গতকাল ভোরে তিতুদহের গহেরপুরে গাছিরা যখন খেজুর গাছের রস সংগ্রহ করতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁচারাস্তার পাশে হেলমেটসহ একটি মোটরসাইকেল কলাবাগানে ক্যানালের মধ্যে পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে জানালে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। সংবাদ পেয়ে গাড়ির মালিক বাদশা তিতুদহ ক্যাম্পে এসে উপযুক্ত প্রমান দিয়ে গাড়িটি নিয়ে যায়। এসআই ইব্রাহিম জানান, মোটরসাইকেলের সামনের চাকা কাঁদায় আটকে যাওয়ার কারণে হয়তো গাড়িটি ফেলে পালিয়ে যায়। ইতিমধ্যে এলাকায় রাতের এসব চক্রকে ধরতে জোরদার টহলের ব্যবস্থা করেছেন বলেও জানান তিনি। এছাড়া হরিহরনগর গ্রামে যাওয়ার পথে মিজানসহ তিনজন বাইসাইকেল আরোহীর পথ রোধ করে ডাকাতরা তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। তাছাড়া সদরপাড়ার মিশুক চালক আনারের কাছ থেকে মিশুকসহ সাড়ে ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতির শিকার ব্যক্তিরা জানান, ওই রাতে আরো বেশ কিছু মানুষ ডাকাতির শিকার হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার ওসি এনামুল হক জানান, গয়েশপুরে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এটি আমরা শুনেছি। এ বিষয়ে ইসরাইল নামের এক ব্যক্তি জীবননগর থানায় একটি সাধারন ডাইরি করেছে। আমরা তদন্ত করছি আশা করি খুব দ্রুত এই সিন্ডিকেটকে আটক করা হবে। ডাকাতির বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীনের সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনার দিন তিনি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। তারপর ওই রাতেই খবর পেয়ে তিনি সেখান থেকে তার গ্রামের লোকজনকে ঘটনাস্থলে পাঠান। তার লোকজন সেখান থেকে ডাকাতির শিকার ৬জন ব্যক্তিকে গামছা ও দঁড়ি দিয়ে মুখ-হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে। এদিকে জীবননগর উপজেলায় দুই দিনের ব্যবধানে দুটি স্থানে ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার