জেলার ও চিকিৎসক পরিচয়ে অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র
- আপলোড তারিখঃ
১৬-০১-২০১৮
ইং
ঝিনাইদহ কারাগারের হাজতী চুয়াডাঙ্গা দামুড়হুদার পারকৃষ্ণপুরের জাহিদুলের অসুস্থতার মিথ্যা সংবাদ
দর্শনা অফিস: র্যাবের হাতে আটক হয়ে ঝিনাইদহ জেলহাজতে থাকা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের জাহিদুলের অসুস্থতার কথা বলে অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। আটকের তিনদিনের মাথায় গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার পরিচয় দিয়ে ০১৭৯১৪৪৬৯৮৪ নম্বর দিয়ে পারকৃষ্ণপুরের ইউপি সদস্য খায়রুল ইসলামের কাছে ফোন করে আসামী জাহিদুলের অসুস্থতার কথা জানানো হয়। এ সময় জাহিদুলের বাড়িতে অসুস্থতার খবর দেয়ার জন্য বললে ইউপি সদস্য অস্বিকৃতি জানান। পরে প্রতারকচক্র একই নম্বর থেকে চৌকিদার আলকাস আলীর ফোন করে সংবাদ পাঠানোর জন্য বলে। এরপর চৌকিদার তাদের ফোন করা মোবাইল নম্বর ২টি দিয়ে আসে জাহিদুলের বাড়িতে।
জাহিদুলের অসুস্থতার খবর পেয়ে পরিবারের লোকজন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করে। ওইসময় অপরপ্রান্ত থেকে জানানো হয়, জাহিদুল জেলহাজতে অসুস্থ হয়ে পড়েছে। আমরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। তার অবস্থা আশঙ্কাজনক। দ্রুত অপারেশন করতে হবে। এজন্য প্রয়োজন এক লাখ টাকা। আমরা জেলা কারাগারের পক্ষ থেকে ৪০ হাজার টাকা তার চিকিৎসার খরচ বাবদ ব্যায় করতে পারবো। বাকি ৬০ হাজার টাকা আপনাদের দিতে হবে।
এরপর নিজেকে হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম পরিচয়ে ০১৮২৫০২৮২৮৮ নম্বর থেকে জাহিদুলের বোনাই ই¯্রাফিলের কাছে ফোন করে জানায়, রোগির দুটি হার্ট ব্লক হয়ে গেছে। তাকে দ্রুত অপারেশন না করলে বাঁচানো যাবেনা। একথা শুনে দিশেহারা হয়ে পড়ে আসামী জাহিদুলের পরিবার। পরে প্রতারকচক্রের দেওয়া ০১৭৯৪০৩২৯৪৩ ও ০১৭৯১৪৪৬৯৮১ নম্বরে বিকাশে ৫ দফায় মোট ৪৫ হাজার ৮শ’ টাকা পাঠানো হয়। প্রতারকচক্র টাকা পাওয়ার পর তাদের দেওয়া সকল মোবাইল নম্বর বন্ধ করে দেয়। এতে প্রতারকচক্রের খপ্পরে পরেছে বুঝতে পেরে দিশেহারা হয়ে পড়ে জাহিদুলের পরিবার। একদিকে ছেলের হাজতবাস অন্যদিকে টাকার শোকে কাতর হয়ে পড়েছে পরিবারের লোকজন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারী র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে রুপাসহ আটক হয় পারকৃষ্ণপুর গ্রামের মৃত রহমানের ছেলে জাহিদুলসহ ৩ জন। র্যাব আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানা পুলিশে সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স