দামুড়হুদা ও জীবননগরের বিভিন্ন সীমান্তে ৬-বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৮০ কেজি চা পাতা এবং ১৯৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৬জনকে আটক করেছে। গতকাল শনিবার ও গত শুক্রবার এসব অঞ্চলে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার আনুমানিক সকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ থেকে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৪’শ টাকা।
একইদিনে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের বটতলা চৌরাস্তার মোড় থেকে ২৭ বোতল ফেন্সিডিলসহ পিন্টু মিয়া নামের একজনকে আটক করে। আটককৃত পিন্টু চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আটককৃত ২৭ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১০, হাজার ৮’শ টাকা। আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে এবং হাবিলদার মো. আশানুল ইসলাম বাদী হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

অপরদিকে গতকাল শনিবার আনুমানিক সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাঁকা গ্রামের রাস্তার উপর থেকে ২৮০ কেজি চা পাতা আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে গত শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঠাকুরপুর মাঠ থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ ৬ জন আসামীকে আটক করে। আটককৃত আসামীরা হলো- দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত মান্দার মোল্লার ছেলে মো. আসাদুল (৪০), একই গ্রামের মো. আফসার আলীর ছেলে মো. সাদিকুর (২৫), মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আকরাম (২৩), মো. নওশের আলীর ছেলে মো. ই¯্রাফিল, মো. নুরুল হকের ছেলে মো. মালেক এবং মো. আনারুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম। আটকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিলসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করে নায়েব সুবেদার মো. আব্দুস সালাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
দামুড়হুদা ও জবিননগর উপজেলা থেকে আটককৃত ১৯৩ বোতল ফেন্সিডিল ও ২৮ কেজি চা পাতার সর্বমোট আনুমানিক মূল্য ২ লাখ ১৭ হাজার ২’শ টাকা। আটকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে এবং চা পাতা কাষ্টমস অফিসে এ জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।