চুয়াডাঙ্গা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ও সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তারা
নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ চুয়াডাঙ্গা শাখার গ্রাহক সমাবেশ ও সচেতনতামূলক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শাখা অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে। এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুশ শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক খুলনা জোনের এসভিপি ও জোনাল হেড মো. মঞ্জুরুল আলম। তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে আল-আরাফাহ ব্যাংক ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত। ব্যবসায়ীদের টাকা ব্যবসার কাজে লাগিয়ে উন্নতির স্বর্ণদ্বারে পৌছে দিতে কাজ করছে ব্যাংকটি। এ ছাড়া তিনি গ্রাহকদের সেবা সম্পর্কে মূল্যায়ন/পরামর্শের উপর সন্তোষজনক আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি, সাহিদ গ্রুপ’র চেয়ারম্যান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। নিজের সফলতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ব্যবসায় উন্নতি করতে হলে নিয়মিত ব্যাংকিং করতে হবে। সুশৃঙ্খল ভাবে ব্যবসা পরিচালনা করলে ব্যাংক’ই আপনাকে সহায়তা করবে। তবে আয়-ব্যয়ের সাথে সংগতি থাকতে হবে। তা না হলে বিপদে পড়তে হবে।’ নতুন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘যে কোন ব্যবসা বা কাজ ছোট পরিসরে শুরু করেন; একদিন বড় হয়ে যাবেন। সব সময় নিজেকে বড় মনে করবেন। বড় বড় স্বপ্ন দেখুন, চেষ্টা করুন- আল্লাহ সহায় হবেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন; আপনার মত আরেকজনকেও তিনিই সৃষ্টি করেছেন। তার থেকে আপনি কেনো পিছিয়ে থাকবেন; এগিয়ে যান, সফলতা আসবেই।’
চুয়াডাঙ্গার উন্নয়ন ভাবনা সম্পর্কে বলেন, ‘আমরা আমাদের জন্মস্থানের দ্বায়বদ্ধতার কথা মাথায় রেখে কাজ করবো। এই চুয়াডাঙ্গা আর যেন অবহেলিত না থাকে সেজন্য একযোগে কাজ করি। আসুন মাথা উঁচু করে দাঁড়ায়।’
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ইন্ডাট্রি’র সভাপতি মো. ইয়াকুব হোসেন মালিক।
শাখা ব্যবস্থাপকের শুভেচ্ছা বক্তব্যের পর শাখার গ্রাহক সেবা সম্পর্কে মূল্যায়ন/অভিযোগ/পরামর্শ ভিত্তিক বক্তব্য রাখেন দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। তিনি বলেন, ‘ঋণ দেয়ার ক্ষেত্রে ইসলামী শরীয়াহ মোতাবেক সুদমুক্ত কৃষি ঋণ দিতে হবে।’ তিনি আরো বলেন, চুয়াডাঙ্গার ভুট্টা দেশ সেরা এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে গবাদীপশু পালন করা জয়। তাই এই অঞ্চলের কৃষি ভিত্তিক শিল্পদোক্তা গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রতি সুদমুক্ত সহজ শর্তে ঋণ দেয়ার দাবি জানান।
নিউ মার্কেট ব্যবসায়ী নেতা মো. সুমন পারভেজ ব্যবসায়ীদের কথা চিন্তা করে ঋণদানে সুদের হার কমানোর আহ্বান জানান। এ ছাড়াও জাহিদুর রহমান সাবু চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন গ্রাহকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন।