সরকারি জমি তিল পরিমাণও ছাড় দিতে নারাজ জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৭
ইং
চুয়াডাঙ্গার ভিমরুল্লায় খাস জমির উপর কবরস্থান নিয়ে জটিলতা : ড্রেন নির্মাণে বাঁধা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের আওতাধীন ভিমরুল্লাহ নতুন জেলখানা এলাকায় আরসিসি ড্রেন নির্মাণ কাজে বিড়ম্বনায় পড়তে হয়েছে পৌর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগকে। জমি অধিগ্রহণ ছাড়ায় কবরস্থানের জমির উপর দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগ তুলে নির্মাণ শ্রমিকদের কাজে বাঁধা দেয় স্থানীয় কয়েকজন জনতা। এ নিয়ে ওই এলাকাবাসী কয়েকদফা পৌর মেয়রের সাথে আলোচনা করলেও তাতে সমস্যা সমাধান হয়নি। শেষ পর্যন্ত গত সোমবার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও কবরস্থান কমিটির সভাপতি শহর আলীসহ বেশ কয়েকজন স্থানীয় জনতা জেলা প্রশাসকের সাথে আলোচনায় বসেন। এ সময় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ড্রেন নির্মাণের সরকারি নির্দেশনা ও ম্যাপ দেখান। এছাড়া বৃহত্তর কুষ্টিয়া জেলার অধীনে তৎকালীন মহকুমা জেলা প্রশাসক কর্তৃক জমি অধিগ্রহণের কাগজপত্র দেখান। এক পর্যায়ে কবরস্থান কমিটির সভাপতি শহর আলী জেলা প্রশাসকের দেখানো দলিলাদি অগ্রাহ্য করে কবরস্থানের উপর দিয়ে চলমান ড্রেন নির্মাণ কাজের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এতেও সমাধান না হওয়ায় কবরস্থান কমিটির লোকজন পৌর মেয়রের কাছ থেকে ৫ দিনের সময় চেয়ে সমাধানের আশ্বাস দেন। এরপর থেকেই পুরাতন মসজিদ সংলগ্ন স্থানে ড্রেন নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হন পৌর মেয়র।
অপরদিকে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোরস্থান পাড়ার অন্তত ৭০ থেকে ৮০ টি পরিবার জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে অবিলম্বে নির্মাণাধীন ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানায়। তারা জানায়, ‘আমরা চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ভিমরুল্লা গোরস্থান পাড়ার বাসিন্দা। পৌরসভার অন্তর্গত হলেও দীর্ঘদিন এ এলাকায় কোন ড্রেন না থাকায় পানি নিষ্কাশনসহ বহুবিধ ভোগান্তি পোহাতে হয়েছে আমাদেরকে। সম্প্রতি চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় ড্রেন নির্মাণ কাজের পাশাপাশি আমাদের এলাকাতেও একটি ড্রেন নির্মাণ কাজ শুরু হয় এবং ড্রেন নির্মাণের স্বার্থে সিএন্ডবি’র জমির উপর থাকা আমাদের ঘর-বাড়িও ভেঙে সরিয়ে ফেলা হয়েছে। উন্নয়নের স্বার্থে তাতেও আমরা দ্বিধাবোধ করিনি। কিন্তু নির্মাণাধীন ড্রেনের কাজ একপর্যায় পর অজ্ঞাত কারণবশত বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে রড বাঁধাই করে সিসি ঢালাই দেয়ার কাজও সম্পন্ন হয়েছে। এখন পূর্ণাঙ্গ কাজ সম্পাদন না করায় ড্রেনের রড ও গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে।’ তাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র কাছে আকুল আবেদন জানান অনতিবিলম্বে নির্মাণাধীন ড্রেনটির কাজ দ্রুত শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হোক।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় ভিমরুল্লা পুরাতন মসজিদ পাড়া আশাদুল মোড় হতে নতুন জেলখানা পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ করণ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ বছরের ২৫ জুলাই চুয়াডাঙ্গা পৌরসভা জুড়ে ২৫ কোটি টাকার উন্নয়মূলক এ কর্মকান্ডের উদ্বোধন করা হয়।
কমেন্ট বক্স