বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতের শুরুতে জমে উঠেছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৭ ইং
শীতের শুরুতে জমে উঠেছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে হাটে চলতি বছরের শীতে খেজুরের গুড় আমদানি ও রপ্তানি ব্যাপক হারে জমে উঠেছে। সরোজগঞ্জ বাজার পর্যবেক্ষণ করে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশের কয়েকটি জেলার মধ্যে সরোজগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট ব্যাপকভাবে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও পুরানো ঐতিহ্যের মাধ্যমে জমে উঠেছে সরোজগঞ্জে খেজুর গুড়ের হাট। গাছীরা এবছরে গুড় তৈরি করে হাটে বিক্রি করে আশানুরুপ মূল্য পেয়ে খোশ মেজাজে খুশি মনে বাড়ি ফিরছে। বাজারে গুড় খুচরা কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার গুড় ভর্তি ভাড় প্রতি ৬৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খুচরা ও পাইকারী সকল ব্যবসায়ীর উপস্থিতির সমাগমে সরোজগঞ্জে গুড়ের হাট ব্যাপক হারে জমে উঠেছে। বাটিকাডাঙ্গা গ্রামের গাছী মহাব্বত আলী জানন, এ বছর খেজুর গুড় বিক্রি করে ভালো মূল্য পাওয়া যাচ্ছে। খাড়াগোদা গ্রামের গুড় বিক্রেতা রশিদ হোসেন বলেন, ভালো গুড়ের ভালো দাম পাওয়া যাচ্ছে। নিম্নমানের গুড় সরোজগঞ্জের হাটে তেমন চাহিদা নেই। আবার, দূর দূরান্ত থেকে গুড় কিনতে আশা ব্যাপারিরা জানান, ইতিমধ্যে হাটবারে ভোরের আলো ফুটতে না ফুটতেই সরোজগঞ্জ হাইস্কুল মাঠে গুড়ের ভাড় নিয়ে হাজির খেজুরের রস দিয়ে গুড় উৎপাদনকারী গাছীরা। গুড় কেনা নিয়ে শুরু হয়ে যায় ব্যাপারীদের হুড়োহুড়ি। প্রতি বছর শীত মৈাসুম এলেই সোম ও শুক্রবারের সাধারণ চিত্র হয় এটি চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারের। বাজারে গুড় আমদানি বেশি হলেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসার কারণে প্রভাব পড়েনি গুড়ের দাম পতনে। এদিকে উন্নতমানের গুড় প্রাপ্তির জন্য দেশের সর্ব জেলায় সরোজগঞ্জের গুড়ের হাট দিনদিন জনপ্রিয় উঠেছে। হাট মালিক সূত্রে জানা গেছে, কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বাজারের গুড় কেনাবেচাই কোনো অনিয়ম হয় না। তবে খুচরা ক্রেতাদের দাবি, কিছু অসাধু গাছীরা গুড়ের মুখ সাদা করে বেশি দামে বিক্রি করার জন্য গুড়ের সাথে ফিটকিরি ও চিনি মিশিয়ে বাজারে নিয়ে আসে। তবে এবছর গুড় বিক্রেতাদের মধ্যে যদি কোনো অনিয়ম দেখতে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রতি হাটবারে দুই থেকে তিন ট্রাক গুড় এই হাট থেকে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হলেও ভরা মৌসূমে সরোজগঞ্জ বাজারের এই হাটে প্রায় ৩০-৩৫ ট্রাক গুড় ভর্তি হয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। ভালো মূল্য পাওয়ায় সরোজগঞ্জের আশপাশের গ্রামগুলোতে গাছীদের মধ্যে খেজুরের রস দিয়ে গুড় তৈরির তোড়জোড় লেগে গেছে। তবে, বর্তমানে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় সরোজগঞ্জের এই ঐতিহ্যবাহী গুড়ের হাটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত গুড় ব্যবসায়ীরা। এ ব্যাপারে গাছীদের খেজুরগাছ লাগানো ও পরিচর্যার ব্যাপারে উৎসাহ প্রদানে সরকারি কৃষি কর্মকর্তাদের কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে অত্র এলাকার সচেতন সমাজ ও ব্যবসায়ীবৃন্দরা।


কমেন্ট বক্স
notebook

শোবার ঘরে ঢুকে পড়লো মাদকবাহী প্রাইভেট কার