বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অরিন্দমের প্রয়াত সুহৃদদের স্মরণে চুয়াডাঙ্গায় আবেগঘন আয়োজন

প্রয়াত ২৭ সদস্যসহ গুণীজনদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন
  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২৬ ইং
অরিন্দমের প্রয়াত সুহৃদদের স্মরণে চুয়াডাঙ্গায় আবেগঘন আয়োজন

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন অরিন্দমের ‘সুহৃদ স্মরণ দিবস-২০২৬’। গতকাল মঙ্গলবার সকালে সংগঠনের পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজন করা হয় মূল স্মরণ অনুষ্ঠান।


সংগঠনের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি এবং চুয়াডাঙ্গার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব কমরেড শফিউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ২৪ নভেম্বর ‘অরিন্দম সুহৃদ স্মরণ দিবস’ পালন করা হয়। সন্ধ্যার অনুষ্ঠানে শুরুতে অতিথি ও সংগঠনের সদস্যরা মঞ্চের সামনে মোমবাতি প্রজ্বলন করেন। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। এসময় মোমবাতি হাতে মঞ্চে আসন গ্রহণ করেন অতিথিরা।
অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং নাট্যসম্পাদক দেলোয়ার হোসাইন বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক এবং প্রবীণ নাট্যব্যক্তিত্ব ও ‘নটরাজ’ খ্যাত হারুন-অর-রশীদ।


অনুষ্ঠানে কমরেড শফিউদ্দিনসহ অরিন্দমের প্রয়াত ২৭ সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি সম্প্রতি প্রয়াত চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির তবলা প্রশিক্ষক ও সংগঠনের শুভাকাক্সক্ষী সিরাজুল ইসলাম (মৃত্যু ১ অক্টোবর) এবং চুয়াডাঙ্গার শিক্ষা, সাহিত্য ও সামাজিক আন্দোলনের পুরোধা অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর (মৃত্যু ২১ নভেম্বর) স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


অনুষ্ঠানে শোক কথন পাঠ করেন অরিন্দম-চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। প্রয়াত সুহৃদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন মনিরুজ্জামান মানিক, সুমিতা দে, কাজল মাহমুদ ও হেলাল হোসেন জোয়ার্দার।
স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, প্রবীণ ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, জেলা শিল্পীকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম এবং কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ^াস।


প্রয়াত সুহৃদদের পরিবারের পক্ষ থেকেও স্মৃতিচারণ করা হয়। এ পর্বে বক্তব্য দেন অধ্যাপক লুৎফর রহমানের মেয়ে লামিয়া রহমান, আবুল বাশার জোয়ার্দারের ভাতিজা অ্যাডভোকেট কায়জার হোসেন জোয়ার্দার শিল্পী এবং অ্যাডভোকেট আব্দুল ওহাবের স্ত্রী নুর-এ-আলম মোর্শেদা।


বক্তারা বলেন, ১৯৮৬ সালের ২৫ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে প্রায় চার দশকের পথচলায় অরিন্দম অনেক নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়েছে। তাঁদের ত্যাগ, আদর্শ ও সাংস্কৃতিক অবদান চুয়াডাঙ্গার সংস্কৃতিকর্মীদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। সভাপতি মো. আলাউদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে স্মরণসভার সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

বারবাজারের মুসলিম স্থাপত্য গলাকাটা মসজিদ