মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বসতবাড়ির দেয়ালে ‘জয় হাসিনা’, ‘ফিরছি আবার ডিসেম্বরে’ স্লোগান

তদন্তে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সম্পৃক্ততা
  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় বসতবাড়ির দেয়ালে ‘জয় হাসিনা’, ‘ফিরছি আবার ডিসেম্বরে’ স্লোগান

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে শেখপাড়ার একটি গলিতে বসতবাড়ির প্রাচীরে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় হাসিনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বরে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে স্লোগান লেখার ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সম্পৃক্ততা পাওয়া গেছে।


গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে। অভিযোগ উঠেছে, এর আগের দিন গত বুধবার (৪ নভেম্বর) দিনের বেলায় বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী জন্মদিন উদ্যাপন করতে ওই গলিতে যায়। পরে তারাই বসতবাড়ির দেয়ালে এসব স্লোগান লেখে বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনাটি জানাজানি হলে সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলা হয়।


সরেজমিনে দেখা যায়, শেখপাড়ার ওই গলির একটি বসতবাড়ির প্রাচীরে কালো ও সাদা রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ লেখা ছিল। এসব স্লোগানকে আওয়ামী লীগ ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট স্লোগান হিসেবে দেখা হয়।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গতকাল দিনের বেলায় স্কুলের ছাত্রীরা এসে দেয়ালে এসব স্লোগান লিখেছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমন কাজ করবে, তা মোটেও আশা করা যায় না।’


চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মুঠোফোনে বলেন, ‘ঘটনাটি জানার পর আমি জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। পরে তাঁর নির্দেশে বিদ্যালয়ের সহায়কদের মাধ্যমে লেখাগুলো মুছে ফেলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন ছাত্রীকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় কারা জড়িত এবং ছাত্রীরা কেন এমন কাজ করেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারও নির্দেশনা বা প্ররোচণায় তারা দেয়ালে এসব স্লোগান লিখেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’


সংশ্লিষ্ট মহলের মতে, জেলার অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড উদ্বেগজনক। শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্বশীলতার বিকাশের পরিবর্তে এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কোনো প্ররোচণা বা প্রভাব কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন