শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৬ ইং
ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলায় এক বিজিবি সদস্যের পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও হুমকির মুখে দুই বছরের এক শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি সদস্য ইকরামুল ইসলাম ও তার স্বজনরা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ইকরামুলের স্ত্রী ছন্দা খাতুন, বোন লিমা খাতুন ও ফুফু জোছনা খাতুন উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিজিবি সদস্য ইকরামুল ইসলাম ও তার বোন লিমা খাতুন ছোট থাকাকালীন তাদের দাদা ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু জমি তাদের নামে রেজিস্ট্রি করে দেন। ২০২৩ সালের জুলাই মাসে দাদার মৃত্যুর পর থেকেই ওই জমির ওপর কুদৃষ্টি পড়ে ইকরামুলের বাবা আব্দুল মোতালেব ও তার সহযোগীদের। অভিযোগ রয়েছে, আব্দুল মোতালেব ও তার সহযোগীরা ওই জমি অবৈধভাবে দখল করে অন্য পক্ষের কাছে লিজ দিয়ে দেন।
ইকরামুল ইসলাম অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তার বাবা আব্দুল মোতালেব, জাহিদুল ইসলাম ও আবুবকরসহ তাদের সহযোগীরা তাদের পরিবারের ওপর হামলা চালায়। এতে ইকরামুলের দুই ভাই, বোন ও স্ত্রীসহ তার দুই বছরের শিশু সন্তান মাথায় গুরুতর আঘাত পায়। আহত শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার পর থেকে ভুক্তভোগী পরিবারকে বাড়িছাড়া করতে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একজন বিজিবি সদস্য হওয়া সত্ত্বেও দফায় দফায় থানায় যোগাযোগ করে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিকার পাননি তিনি। উল্টো থানা পুলিশ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে দাবি করা হয়।


এ ব্যাপারে আব্দুল মোতালেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়নি।


বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিজিবি সদস্যের বাবা জমিটি লিজ দিয়েছেন এবং বিজিবি সদস্য ছুটিতে এসে সেখানে পটল গাছ কেটেছেন বলে শোনা গেছে। তবে কোনো পক্ষই গুরুতর আহত হয়নি। জমিজমার বিষয়টি দেওয়ানি আদালতের এখতিয়ার হলেও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আইনিভাবে কাজ শুরু করেছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ