চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন দিনব্যাপী জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে র্যালি, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার আয়োজন থাকবে বলে জানানো হয়। এছাড়া ‘নীল কুঠি’ ও ‘রিক্তের বেদন’ নাটক দুটি বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আমরা চাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী জেলায় ব্যাপক আয়োজনে উদ্যাপিত হোক। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।’ তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে সংস্কৃতিচর্চা থেকে দূরে সরে যাচ্ছি। সেই সাংস্কৃতিক পরিবেশ আমরা পুনরুজ্জীবিত করতে চাই। বিভিন্ন বাৎসরিক আয়োজনের মধ্য দিয়ে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘আমি একটি সাংস্কৃতিক ক্যালেন্ডার প্রণয়নের পরিকল্পনা করছি, যাতে সারা বছরজুড়ে গান, নাচ, বিতর্ক, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন আয়োজন অব্যাহত থাকে।’
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেরাব্বিন সানভীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আয়োজক কমিটির সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক