দামুড়হুদায় অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টারের দুই ল্যাব টেকনিশিয়ানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিৎলা হাসপাতালের সামনে ও বাসস্ট্যান্ডে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শুভা ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে নিয়মিত ল্যাব টেকনিশিয়ান না থাকলেও কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এ বিষয়ে প্রশাসনের কাছে তথ্য পৌঁছালে তদন্তে নেমে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ল্যাব টেকনিশিয়ান মেহেদী হাসানকে হাজির করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে চাকরি ছেড়ে দেওয়ার কথা বললেও পরে বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এছাড়া মালিকপক্ষের সঙ্গে বেতন সংক্রান্ত বিরোধের বিষয়ও উঠে আসে। ভ্রাম্যমাণ আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
অপর দিকে, দামুড়হুদায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান ওমর ফারুক অন্য একটি প্রতিষ্ঠানে কর্তৃপক্ষকে না জানিয়ে অনিয়মিতভাবে টাকার বিনিময়ে কাজ করতেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হলে তিনি দায় স্বীকার করেন। এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে অনুমোদন ছাড়া ল্যাব টেকনিশিয়ানের দায়িত্ব পালন করায় স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে টেকনিশিয়ান মেহেদী হাসানকে ১০ হাজার টাকা এবং টেকনিশিয়ান ওমর ফারুককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।
প্রতিবেদক দামুড়হুদা