ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠান। গতকাল রোববার বিকেলে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনে জামায়াত সবসময় জনগণের পাশে থাকবে। ইউনিয়ন আমির মোক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমির আলী আজম মো. আবুবকর।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা উলামায়ে মশায়েখের জেলা সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আকবর হোসাইনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এসময় উপজেলা আমির ড. হাবিবুর রহমান ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পুরুষ সদস্য ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর নাম ঘোষণা করেন। পুরুষ সদস্য প্রার্থীরা হলেন- বাহার আলী, মেহেদী মুরসালিন, সাব্বির আহমেদ, আক্তারুজ্জামান, আবুল কাশেম, শাহাজান আলী, মোসলেম উদ্দিন, ফারুক হোসেন ও এমদাদুল হক। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মায়াজান, নাজমা ও নিলিমা খাতুনের নাম।
অন্যদিকে ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আমির আলী আজম মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মো. আবুবকর ও মো. আকবর হোসাইনের নাম ঘোষণা করেন। এ ঘোষণা ঘিরে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হায়দার আলী।
ঝিনাইদহ অফিস