শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশের চেষ্টা ইয়াবাসহ আটক যুবক, জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২৬ ইং
জীবননগরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশের চেষ্টা ইয়াবাসহ আটক যুবক, জেল-জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও ভুয়া সাংবাদিক পরিচয়পত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ| পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে| গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে| আটক ব্যক্তি জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান মিনজু (৩৫)|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালে মিনজু মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের মূল ফটক দিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন| এসময় দায়িত্বে থাকা জীবননগর থানার কনস্টেবল মো. আল-আমিন হোসেন তাকে থামানোর চেষ্টা করেন| কিন্তু তিনি জোরপূর্বক ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাকে আটক করে|

পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কলকে এবং একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়| এ ঘটনায় পরীক্ষা কেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়| ঘটনার খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন| পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মিনজুকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়|

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে| ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী ওই যুবককে দণ্ড দেওয়া হয়েছে|’ বর্তমানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জীবননগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন|




কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ পণ্ড দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা