চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে- ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপূর্ত ভবন ইন্ডোর স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, উশু, তায়কোয়ান্দো ও জুডোসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। এতে আলমডাঙ্গার খেলোয়াড়রা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
ব্যাডমিন্টন বালিকা বিভাগে আলমডাঙ্গার শেখপাড়া গ্রামের আসাদুজ্জামানের মেয়ে ওয়াহিবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া উশু খেলায় আলমডাঙ্গার রাকিবুল ইসলাম রানা এবং তায়কোয়ান্দোতে সাইফুল ইসলাম রিয়ক শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা সরকারি কলেজের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক সাঈদ এম হিরন, কোচ সাব্বির আহম্মেদ, খেলোয়াড় ও স্থানীয় সাংবাদিকরা। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজ- উভয়ই উপকৃত হবে। “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলমডাঙ্গা অফিস