দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
হারুন অর রশিদ দীর্ঘদিন সুনামের সঙ্গে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীলতা, সততা ও মানুষের প্রতি আন্তরিকতার জন্য তিনি এলাকায় ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন। তাঁর মৃত্যুতে শুধু একটি প্রশাসনিক পদই শূন্য হয়নি, বরং ইউনিয়নবাসী হারিয়েছে একজন অভিভাবকসুলভ মানুষকে।
মরহুমের নামাজে জানাযা গতকাল মাগরিব নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর মৃত্যুতে কুড়ুলগাছি ইউনিয়ন একজন অভিজ্ঞ ও মানবিক মানুষকে হারালো। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
প্রতিবেদক কুড়ুলগাছি