রবিবার, ৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণভোট বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ-সমাবেশ

‘সরকার গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে’
  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৬ ইং
গণভোট বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ-সমাবেশ

সংবিধান সংস্কার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল, গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৃথক কর্মসূচিতে বক্তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দাবি আদায়ে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেন।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার বিকেল ৫টায় টাউন মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের কবরী রোড, সরকারি কলেজ রোড, কোর্ট রোড, ভি.জে. স্কুল রোড, শহীদ হাসান চত্বর ও নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বলেন, জনগণ একটি জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো চায় এবং জুলাই সনদ ও গণভোটের রায় সেই প্রত্যাশার প্রতিফলন। দ্রুত তা বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব।
প্রধান অতিথি সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে, যা উদ্বেগজনক। তিনি অবিলম্বে বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


মেহেরপুর:
মেহেরপুরে বিকেলে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে গণমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজ উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবি জানান।


ঝিনাইদহ:
ঝিনাইদহে বিকেল ৪টায় ওয়াজির আলী স্কুল মাঠ থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমির আলী আজম মো. আবুবকর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব। এছাড়া এনসিপির জেলা সদস্য সচিব আরেফিন কায়সার বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের অনিবার্য দাবি। তা না হলে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।



কমেন্ট বক্স
notebook

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার