শুক্রবার, ১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার তিতুদহে বন্য খরগোশ শিকার ও হত্যা

৪ জনের কারাদণ্ড, জীবিত ৫টি উদ্ধার
  • আপলোড তারিখঃ ০১-০৫-২০২৬ ইং
চুয়াডাঙ্গার তিতুদহে বন্য খরগোশ শিকার ও হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে কেরু অ্যান্ড কোম্পানির মাঠে বন্য খরগোশ শিকার ও হত্যার দায়ে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে জীবিত ৫টি বন্য খরগোশ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের উজ্জল কুমার বিশ্বাস, সাদগার আলী, শুকুমার মন্ডল ও সুধাংশু কুমার বিশ্বাস।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এর আগে বিকেল ৪টার দিকে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক আহসান হাবীব শিপলু খবর পান যে, প্রায় ১৬ জনের একটি দল কেরু অ্যান্ড কোম্পানির মাঠে বন্য খরগোশ শিকার করছে। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিকারের সত্যতা নিশ্চিত করলে শিকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে চুয়াডাঙ্গা সদর বন কর্মকর্তা আবুল খায়ের আতা এলাহী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ৪ জনকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। অভিযানের সময় জীবিত ৫টি ও মৃত ৬টি বন্য খরগোশ উদ্ধার করা হয়। জীবিত খরগোশগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। এসময় তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ একটি পুলিশ দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।


সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু অসাধু শিকারীর কারণে এসব প্রাণী হুমকির মুখে পড়ছে। আইন যথাযথভাবে প্রয়োগ হলে এ ধরনের অপরাধ কমে আসবে।’ অভিযানে সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, বায়জিদ, রিয়াজ উদ্দীন, সাহাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 



কমেন্ট বক্স
notebook

শৈলকূপার এক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে গাল টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি