চুয়াডাঙ্গায় সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা নিউ মার্কেট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমবায় নিউ মার্কেট চুয়াডাঙ্গার আহ্বায়ক খন্দকার শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
এসময় তিনি বলেন, ‘আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসার স্বার্থে এবং স্বার্থ সংস্লিষ্ট বিষয়ে আপনারা এই জায়গাগুলোতে প্রতিযোগিতামূলক ব্যবস্থা করবেন। আগে যখন নিউ মার্কেটে নির্বাচন হতো, তখন মানুষের পছন্দের সুযোগ ছিল। কিন্তু বিগত কয়েক বছর আপনারা সবাই মিলে একটা সমঝোতার মধ্য দিয়ে কমিটি করে আসছেন।’
তিনি অনুরোধ করে বলেন, ‘যেখানে আপনাদের প্রতিযোগিতা না থাকে, সেখানে একনায়কতন্ত্র কায়েম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই যারা ব্যবসায়ী আছেন, আপনারা এই প্রতিষ্ঠানের প্রতিযোগিতা করার মতো যে ব্যবসায়ের যে কমিটি আছে, যারা যে সুযোগ-সুবিধা পেয়েছে, যারা ব্যবসায়ীদের সাথে যেমন সম্পর্ক রক্ষা করে, আপনারা আগামী দিনে যারা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হতে চান, তারাও তাদের পাশাপাশি সকল ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক স্থাপন করেন। যেন প্রতিযোগিতামূলক অবস্থান থাকে এই কমিটিতে আসার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমি চাই না যে একনায়কতন্ত্র নির্বাচনের কমিটি কোথাও হোক। যত ছোট পর্ষদ হোক না কেন, আপনাদের মতামতের ভিত্তিতে, মানুষের পছন্দের ভিত্তিতে এখানে নেতৃত্ব দিবে। আপনাদের ব্যবসার স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোতে আপনারা সবাই কাজ করবেন। আগামী দিনে আমরা আশা করি এখানে নতুন নেতৃত্ব এবং নেতৃত্বের প্রতিযোগিতামূলক ব্যবস্থার ভেতর দিয়ে যেন এই কমিটি গঠন হয়।’
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন। পরে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সমবায় নিউ মার্কেটের প্রয়াত ব্যবসায়ীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় শপথ গ্রহণ পর্ব। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নিউ মার্কেটের বিভিন্ন দোকানে কর্মরত কর্মচারীরা নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের তিন বছর মেয়াদী ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন পারভেজ খান। সিনিয়র সহসভাপতি আশরাফুল হক ফিরোজ, সহসভাপতি নিতিশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আকরাম আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান সাবু, দপ্তর সম্পাদক শামীম শেখ, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সাগর, ধর্মবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ, সরোয়ার জামান ডালিম, আতিকুর রহমান টিপুল, এস এম জাহিদুর রহিম, বিভাশ দেবনাথ, ইব্রাহীম খলিল, আতিকুল হক, তৌফিক আজিজ তরঙ্গ ও শোয়েব মাহমুদ প্লাবন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জসহ নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা।
নিজস্ব প্রতিবেদক