দামুড়হুদায় তিন দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক উপস্থিতি। ‘স্বাস্থ্যই সম্পদ, খেলাধুলায় শক্তি- খেলাধুলা করি, সুস্থ জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বালক-বালিকা খেলোয়াড়রা অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এবারের প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়- সাঁতার, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, ফুটবল, ক্রিকেট, কাবাডি ও মার্শাল আর্ট। প্রতিটি ইভেন্টেই প্রতিযোগীরা তাদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়, বিচারকমণ্ডলী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্যদিয়ে সফলভাবে শেষ হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
প্রতিবেদক দামুড়হুদা