দেশের ঐতিহ্যবাহী ভারি শিল্পপ্রতিষ্ঠান দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) লুৎফুন নাহার। এসময় কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির অতিথি ভবনে পৌঁছালে ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ কর্মকর্তাবৃন্দ ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পর্যায়ক্রমে কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ডিসি।
এসময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘এই কোম্পানির জন্য দর্শনা পরিচিত এবং দর্শনার জন্য চুয়াডাঙ্গা পরিচিত। চুয়াডাঙ্গা জেলার পরিচিতি হচ্ছে এই কেরু অ্যান্ড কোম্পানিকে ঘিরে। কারণ কেরু কোম্পানির মতো এমন ভারী ও বৃহৎ শিল্প এ অঞ্চলে আর নেই। আর যেখানে বাংলাদেশের সব সুগার মিলগুলো লোকসানে চলছে, সেখানে একমাত্র কেরু অ্যান্ড কোম্পানি প্রতিবছর মুনাফা অর্জন করছে। তো সেটা আসলে কী কারণে বা কীভাবে করছে, সেটাই সরেজমিনে দেখতে আসা। আমি আসলে বাস্তব পরিস্থিতিটা দেখতে এবং কেরুর যে বাইপ্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে, আর সেটা তারা কীভাবে করছে, সেখানের কাঁচামাল কোথা থেকে আসছে, এগুলো দেখতে আসা। সেই সাথে এই এরিয়ায় আখ চাষ কীভাবে বাড়ানো যায় এবং সুগারে যে লোকসান রয়েছে, তা কীভাবে লাভজনক করা যায়, সেই চিন্তা-ভাবনাও আমাদের আছে।’
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান সাহেল, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলমসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কেরু অ্যান্ড কোম্পানির জিএম (প্রশাসন) আল ফারুক ওমর শরিফ গালিব, জিএম (কারখানা) সুমন কুমার সাহাসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)