দর্শনা প্রেসক্লাবে হামলার অভিযোগ উঠেছে একদল মাকদসেবী দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় এক সাংবাদিক আহত হয়েছেন এবং প্রেসক্লাব এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে আজিমপুর গ্রামের আতর আলীর ছেলে চঞ্চলসহ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি মদ্যপ অবস্থায় দর্শনা প্রেসক্লাবের আশেপাশে ঘোরাফেরা করতে থাকেন। একপর্যায়ে তারা প্রকাশ্যে উলঙ্গ হয়ে প্রেসক্লাবের দেয়ালে প্রস্রাব করেন এবং সেখানে সাংবাদিকদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময় প্রেসক্লাবের অফিস সহকারী আব্বাস আলী বিষয়টি দপ্তর সম্পাদক আব্দুল হান্নানকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন।
কিন্তু প্রতিবাদ করতেই মাদকাসক্ত চঞ্চল ক্ষিপ্ত হয়ে হান্নানের ওপর ঝাপিয়ে পড়ে এবং তার মাথায় আঘাত করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে হান্নান প্রাণ বাঁচাতে প্রেসক্লাবের ভেতরে আশ্রয় নেন। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই চঞ্চলের নেতৃত্বে আরও ১০-১২ জনের একটি দল জোরপূর্বক প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে।
অভিযোগ রয়েছে, তারা পরিকল্পিতভাবে লাইট বন্ধ করে দেন এবং অন্ধকারের মধ্যে হান্নানের ওপর এলোপাতাড়ি হামলা চালান। তাকে মারধর করার পাশাপাশি তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ভাঙচুর করা হয়। এসময় পুরো প্রেসক্লাব এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত হন। পুলিশ সাংবাদিকদের লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছে এবং জানিয়েছে, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক নেতা আওয়াল হোসেন। সভায় প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রেসক্লাবে এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন বলেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং পুরো গণমাধ্যমকে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।