রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

ঝড়-বৃষ্টি ও শ্রমিক সংকটে দুশ্চিন্তায় চাষিরা
  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৬ ইং
উথলীতে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

এবারও বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন এলাকার কৃষকেরা। তবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা এবং শ্রমিক সংকট নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। আকাশে ঘন কালো মেঘ দেখলেই চাষিদের কপালে ভাঁজ পড়ছে। ধান ঘরে তোলা না পর্যন্ত তাদের উদ্বেগ কাটছে না।


মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিজুড়ে সোনালি রঙ ধারণ করতে শুরু করেছে বোরো ধানের শীষ। কৃষকের স্বপ্ন যেন দুলছে সেই সোনালি ধানের মাঠে। আর মাত্র ৭ থেকে ১০ দিনের মধ্যেই পুরোদমে ধান কাটার কাজ শুরু হবে।
উথলী গ্রামের কৃষক শাহাবুদ্দীন বলেন, ডিজেল সংকটের কারণে সেচ দিতে কিছুটা সমস্যা হয়েছে। তবুও আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে। কিন্তু ঝড়বৃষ্টি নিয়ে খুব টেনশনে আছি। ধান ঘরে না তোলা পর্যন্ত চিন্তা শেষ হচ্ছে না।
সেনেরহুদা গ্রামের কৃষক তুষার মন্ডল বলেন, দুই বিঘা জমিতে ধান চাষ করেছি। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে সেচ দিতে হচ্ছে। আর এক সপ্তাহ পর ধান কাটার উপযুক্ত হবে। কিন্তু বৈশাখ মাস হওয়ায় ঝড়বৃষ্টির আশঙ্কায় দুশ্চিন্তায় আছি।


অন্যদিকে সিংনগর গ্রামের কৃষক মাসুম হোসেন বলেন, সপ্তাহখানেক পর থেকে একযোগে ধান কাটার কাজ শুরু হবে। তখন শ্রমিক সংকট দেখা দিতে পারে। এর সঙ্গে খারাপ আবহাওয়া যোগ হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে।
এমন দুশ্চিন্তার কথা জানিয়েছেন আরও অনেক কৃষক। তাদের আশঙ্কা, প্রাকৃতিক দুর্যোগ হলে পরিশ্রমের ফসল মাঠেই নষ্ট হয়ে যেতে পারে।


এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন জানান, এ বছর উপজেলায় ৭ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং ফলন আশানুরূপ ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল ঘরে তোলা সম্ভব হবে। ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কাজ করছেন এবং আবহাওয়ার তথ্যসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড