রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তেল পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় তেল পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ এবং আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় ব্যাপক ও সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের ১৯টি বিওপি ও ১টি আইসিপির মাধ্যমে প্রতিদিন ৮১টি টহল পরিচালনা করা হচ্ছে।


বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় ১৪টি তেল পাম্পে নিয়মিত নজরদারি, বিশেষ চেকিং এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য পাচার রুট চিহ্নিত করে ইতোমধ্যে ২৩৪৯টি টহল এবং ৪০৭টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া স্থানীয় জনগণকে সচেতন করতে ২৪টি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১১টি যৌথ নজরদারি ও তল্লাশি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু পাচার রোধেও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন চলাচলের ওপর কড়াকড়ি নজর রাখা হচ্ছে।


এদিকে চলতি ২০২৬ সালে নিয়মিত অভিযানে ৪ জন আসামিসহ ১৬২০.০৮ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার, ৩৮৩৭ গ্রাম রুপা এবং ২১২ লিটার ডিজেলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৪ কোটি ১৬ লাখ টাকার বেশি। এছাড়া মাদকবিরোধী অভিযানে ১ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬৫০ বোতল মদ, ১৫৭২ বোতল ফেন্সিডিল, ২.১৮ কেজি হেরোইন, ২১.৩ কেজি গাঁজা, ইয়াবা ও বিভিন্ন ধরনের ট্যাবলেট—যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা।


বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত এবং চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড