শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব

‘মতপার্থক্য থাকবেই, কিন্তু নির্বাচন পেছাবে না’
  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২৫ ইং
নির্বাচন  ১৫ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচন হবে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই—এটাই অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।”


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের পৈতৃক বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


প্রেস সচিব বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকবে—এটাই স্বাভাবিক। দল থাকলেই মতপার্থক্য থাকবে। না হলে একাধিক দলই বা থাকবে কেন? তবে এটুকু নিশ্চিত করতে চাই, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্ধারিত সময়েই ভোট হবে।”


তিনি আরও বলেন, “এই নির্বাচনটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টাও বৃহস্পতিবার বলেছেন, এটি একটি foundation election-অর্থাৎ ভিত্তি নির্বাচন। সামনের নির্বাচনগুলোর পথরেখা নির্ধারণে এটি বড় ভূমিকা রাখবে।”


ষড়যন্ত্র করে লাভ নেই

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রের সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন প্রেস সচিব। তিনি বলেন, “কেউ যদি মনে করেন যে নির্বাচন বানচালের চেষ্টা করবেন—তাহলে সেটা ভুল হিসাব। সরকার তার অবস্থানে অনড়। ১৫ ফেব্রুয়ারির মধ্যেই ভোট হবে।”


উল্লেখ্য, রাজনৈতিক অঙ্গনে এখনও নানা মতভিন্নতা ও দাবি থাকলেও সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।



কমেন্ট বক্স