চুয়াডাঙ্গায় নতুন করে তিনজন শনাক্ত
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২০
ইং
২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ২১১১
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১১১ জন। এনিয়ে দেশে ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ২৭৫ জনের। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের ১১৭টি পরীক্ষাগারে ১৬ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা হয়। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। প্রত্যেকের মৃত্যু হয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায়। দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫২ জনে। গতকাল বুধবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার একজন, আলমডাঙ্গা উপজেলার একজন ও দামুড়হুদা উপজেলার একজন রয়েছে। তিনজনই পুরুষ, তাঁদের বয়স ৩৬ থেকে ৬৫ বছরের মধ্যে। গতকাল জেলার আলমডাঙ্গা উপজেলা হোম আইসোলেশন থেকে একজন সুস্থ হয়েছেন। জেলায় এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৫ জন।
জানা যায়, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। গতকাল ২৬টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৩টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ২৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ২৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৬৩৮টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৩৮৯টি, পজিটিভ ১ হাজার ৫৫২টি, নেগেটিভ ৪ হাজার ৮৯৩টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪২জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১৩জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স