জিজ্ঞাসাবাদের জন্য তিনজন পুলিশ হেফাজতে
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২০
ইং
সোনালী ব্যাংক উথলী শাখায় ভরদুপুরে ডাকাতির ঘটনায় মামলা
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার সোনালী ব্যাংকের উথলী বাজার শাখায় দিনে-দুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে জীবননগর থানায় মামলা হয়েছে। গত রোববার রাতে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে জীবননগর থানায় এ মামলাটি করেন। যার মামলা নম্বর ১৬। এদিকে, এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে জীবননগর থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- আকন্দবাড়িয়া গ্রামের হাসমত আলীর ছেলে হৃদয়, একই গ্রামের দেলবার হোসেনের ছেলে নজরুল ইসলাম কালু ও রহমানের ছেলে জনি।
সোনারী ব্যাংক উথলী শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বলেন, রোববারে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় ওই রাতেই অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সোনালী ব্যাংক উথলী শাখায় তিন দুস্কৃতিকারী হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে অন্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে পৌনে ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ব্যাংকটির শাখায় পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে সময়ক্ষেপণ হচ্ছে। তবে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। ইতোমধ্যে সন্দেহভাজন কয়জনকে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশি তৎপরতা অব্যাহত আছে। আশা করি খুব শিগগিরই এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন এ ঘটনার সঙ্গে ব্যাংকের কোনো কমকর্তা-কর্মচারী জড়িত থাকতে পারেন। আবার কেউ কেউ বলছেন, ব্যাংকে সিসি ক্যামেরা না থাকা এবং নিরাপত্তা প্রহরীর দুর্বলতায় এ ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত রোববার বেলা সোয়া একটার দিকে সোনালী ব্যাংক উথলী শাখায় তিন ডাকাত সদস্য খেলনা পিস্তল নিয়ে হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে ব্যাংকের প্রহরী ও ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে দিনে-দুপুরে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে পৌনে ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
কমেন্ট বক্স