আইন মেনে সড়কে চলাচল করলেই সড়ক নিরাপদ হবে
- আপলোড তারিখঃ
২৩-১০-২০২০
ইং
চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আইন মেনে সড়কে চলাচল করলেই সড়ক নিরাপদ হবে। একটি সড়ক দুর্ঘটনার জন্য একজন চালক যেমন দায়ী, তেমনই একজন পথচারিও সমানভাবে দায়ী থাকেন। একটি বড় যানবাহন যেমন দায়ী, তেমনই ছোট যানবাহনও দায়ী। ’ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‘মুজিববর্ষের শপথ, সড়ক হবে নিরাপদ’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বিআরটিএ, চুয়াডাঙ্গা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক ও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবি সব নাগরিকের। এ দাবি বাস্তবায়নের জন্য চালকের যেমন প্রশিক্ষণের দরকার, তেমনই প্রয়োজনীয় ও নিরাপদ সড়ক দরকার। চালকের জন্য যেমন নির্দিষ্ট কর্মঘণ্টা পালন করা দরকার, তেমনই ফিটনেসযুক্ত যানবাহন দরকার। আর দরকার পথচারিদের সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই- নিসচার সাধারণ সম্পাদক জাকির হোসেন, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন মুক্তা, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম প্রমুখ।
কমেন্ট বক্স