চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত নেই, সুস্থ ৭
- আপলোড তারিখঃ
২০-১০-২০২০
ইং
গত ২৪ ঘন্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৩৭
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৮১ জনে। এ সময় দেশে নতুন করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৩৭ জনের শরীরে। এপর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৯০ হাজার ২০৬ জনে। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল দেশের মোট ১১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৬টি। এপর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৭১৪টি। করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৭ জন। এনিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জনে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৭১ জন (৭৬ দশমিক ৯৪ শতাংশ) ও নারী ১ হাজার ৩১০ জন (২৩ দশমিক ০৬ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। এপর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪৮০ জন। গতকাল সোমবার রাত ৮টায় জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন ৪ জন সুস্থ হয়েছে। জেলায় এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৩৮২ জন।
জানা যায়, গত রোববার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল উক্ত নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ২২টি নমুনার ফলাফলই নেগেটিভ। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ২৫টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৭৯টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৯৩১টি, পজিটিভ ১ হাজার ৪৮২টি, নেগেটিভ ৪ হাজার ৪৪৭টি। করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছেন ৩৪জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫০জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১২জন।
কমেন্ট বক্স