বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতিপোতায় ইয়ামিন ও নাটুদহে শফি চেয়ারম্যান নির্বাচিত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২০ ইং
নতিপোতায় ইয়ামিন ও নাটুদহে শফি চেয়ারম্যান নির্বাচিত
চুয়াডাঙ্গার দামুড়হুদার দুটি ইউপিতে শান্তিপূর্ণভাবে সাধারণ নির্বাচন সম্পন্ন দামুড়হুদা অফিস: করোনাভাইরাস (কোভিড-১৯)-এর কারণে স্থগিত হওয়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে নাটুদহ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ফের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে, নতিপোতা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী ইয়ামিন আলী আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ থেকে গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দামুড়হুদার ইউএনও দিলারা রহমান। কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল শনিবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৩’শ ২৬ জন পুলিশ এবং ৩’শ ২৩ জন আনসার সদস্য ও ২ প্লাটুন বিজিবি ও র‌্যাব নির্বাচনী এলাকায় সার্বক্ষনিকভাবে দায়িত্বপালন করে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলকে ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্বপালন করতে নির্দেশ দেওয়া হয়েছিল। ভোটগ্রহণ সুষ্ঠু করতে যা যা করণীয় তাই করতে হবে বলে দায়িত্বে নিয়োজিত সকলকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে।’ তাঁরা আরও জানান, ‘কারও গাফলতির কারণে অবাধ ভোটগ্রহণ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল।’ এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রার্থীদের নির্বাচনের ফলাফল মেনে নিয়ে নির্বাচন পরবর্তী সকল প্রকার সহিংসতা পরিহার করার আহ্বান জানান। নতিপোতা ইউনিয়ন: নতিপোতা ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ১২৭ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৫জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী ইয়ামিন আলী আনারস প্রতীকে ৫ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রবিউল হাসান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৪৩ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী আজিজুল হক পেয়েছেন ৩ হাজার ১৭২ ভোট, পেয়েছেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ৯৭১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন নিয়ে ১৫৫ ভোট। মোট বৈধ ভোট পড়েছে ১২ হাজার ৭শ ৫৭টি, বাতিল হয়েছে ৩শ ৮ ভোট। মোট ভোট পড়েছে ৮৬ শতাংশ। নাটুদহ ইউনিয়ন নাটুদহ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৮২৬ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৬ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৫৭ ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির হোসেন মাস্টার পেয়েছেন ৩০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইয়াসনবী অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৩৪ ভোট, বিএনপি নেতা ফজলুল হক মোটরসাইকল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৩৯ ভোট ও আমিনুল ইসলাম মোক্তা টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ১৯২ ভোট । এই ইউপিতে বৈধ ভোট পড়েছে ১২ হাজার ৩৮৫টি। বাতিল হয়েছে ২৮০টি ভোট এবং মাট ভোট পড়েছে ৮৫ শতাংশ। উল্লেখ্য, গত ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে ভোটের সপ্তাহ খানেক আগে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গত ১৩ সেপ্টেম্বর ওই দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন রিটার্নিং কর্মকর্তা। তারই প্রেক্ষিতে গতকাল ১০ অক্টোবর এই দুটি ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’