চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট থেকে পালানোর চেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
ট্রাফিক পুলিশের চেকপোস্ট থেকে পালানোর সময় মোটরসাইকেলসহ দর্শনার মাইনুল ইসলাম ওরফে মুন্নাকে ব্যাগভর্তি ফেনসিডিলসহ আটক করেছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় আটক মাইনুল ইসলাম ওরফে মুন্নার অপর সহযোগী দর্শনা শ্যামপুরের আবুল হোসেনের ছেলে মানিক (২৫) পালিয়ে যায়। গতকাল সোমবার দুপুর ১টার দিকে শহরের একাডেমি মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্ট থেকে পালানোর সময় তাকে তাড়িয়ে ধরা হয়। গ্রেপ্তার মাইনুল ইসলাম দামুড়হুদা উপজেলার দর্শনা মোহাম্মদপুর এলাকার পীরু মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আজাদ ইমন সাদাকত শাকিলসহ সঙ্গীয় ফোর্স গতকাল দুপুরের দিকে শহরের একাডেমি মোড়ে নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র পর্যবেক্ষণ করছিলেন। এসময় আলমডাঙ্গার দিকে যাওয়া একটি হোন্ডা মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে চালক না থামিয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা তার পিছু ধাওয়া করেন। এসময় মানিক নামে একজন পালিয়ে গেলেও মাইনুল ইসলাম ওরফে মুন্নাকে ব্যাগভর্তি ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক হয়।
এ ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে মানিককে পলাতক দেখিয়ে মাইনুল ইসলাম মুন্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।