চুয়াডাঙ্গায় বিজিবি সদস্যসহ দুজনের করোনা শনাক্ত
- আপলোড তারিখঃ
১০-০৭-২০২০
ইং
ঝিনাইদহের ১২ জন, কুষ্টিয়ায় ৩৯ ও নড়াইলে ১৯ জনের রিপোর্ট পজিটিভ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিজিবির এক সদস্যসহ নতুন করে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭৮ জন। গতকাল কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার নতুন ২০টি নমুনার ফলাফল আসে। যার মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ এবং বাকি ৩০টি রিপোর্ট নেগেটিভ। নতুন আক্রান্ত ২ জনের মধ্যে চুয়াডাঙ্গা বিজিবির সদস্য একজন। তাঁকে বিজিবি হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। অপর একজন চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ নতুনবাজার পাড়ার ফিরোজ রোড এলাকার। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তীতে হোম আইসোলেশনে নেওয়া হতে পারে।
এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ ৪৭টি নমুনা সংগ্রহ করেছে। সদর উপজেলা থেকে ১৭টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৯টি ও দামুড়হুদা উপজেলা থেকে ১১টি নমুনাসহ সংগৃহীত ৪৭টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে চুয়াডাঙ্গার ফলোআপ নমুনাসহ ২৯টি, মেহেরপুরের ১৭টি ঝিনাইদহের ৪৮টি, কুষ্টিয়ার ১৭৭টি, নড়াইলের ৫৭টি নমুনাসহ ৩২৮টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গায় ২ জন, ঝিনাইদহের ১২ জন, কুষ্টিয়ায় ৩৯ জন ও নড়াইলে ১৯ জনসহ মোট ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মেহেরপুরে ১৭টি নমুনাসহ বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, নতুন আক্রান্ত দুইজনের মধ্যে একজন বিজিবি সদস্য রয়েছেন। বিজিবি হাসপাতালে তাঁর আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অপর একজন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার। তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। একটি মেডিকেল টিম কাজ করছে আক্রান্তের সার্বিক খোঁজ নিচ্ছে। উপসর্গ ও বাড়ির আইসোলেশনের অবস্থা বুঝে তাঁকে হোম আইসোলেশন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থায় নেওয়া হবে। এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন থেকে দামমুড়হুদা থানার একজন পুলিশ সদস্য সুস্থ হয়ে ফিরে গেছেন।
চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সদর উপজেলায় ৯৬ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭২ জন, দামুড়হুদা উপজেলায় ৭৩ জন ও জীবননগর উপজেলায় ৩০ জনসহ মোট ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৬৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪৬ জন, দামুড়হুদা উপজেলায় ৫৪ জন ও জীবননগর উপজেলায় ১২ জনসহ মোট ১৭৪ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৪১৬টি। প্রাপ্ত ফলাফল ২২৬৬টি। করোনা শনাক্ত হয়েছে ২৭৮ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৯৮৮ জনের। সুস্থ ১৭৪ জন ও মৃত্যু ৩ জন।
কমেন্ট বক্স