এবার কেরুজ বেগমপুর খামারের ১ শ বস্তা জৈব সার চুরি, ৪০ বস্তা উদ্ধার
- আপলোড তারিখঃ
২৩-০৬-২০২০
ইং
ফার্মের ম্যানেজার বদলি, খামারের ইনচার্জ কায়েস সাসপেন্ড ও করণিক সোহেল রানা চাকুরিচ্যুত
দর্শনা অফিস:
দর্শনায় কেরুজ আড়িয়া খামারের গাছ চুরির তদন্ত শেষ হতে না হতেই বেগমপুর কৃষি খামারের ১ শ বস্তা জৈব সার চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে কর্তৃপক্ষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪০ বস্তা সার উদ্ধার করেছে। এ ঘটনায় ফার্মের ম্যানেজার আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বেগমপুর কৃষি খামারের ইনচার্জ কায়েস আব্দুল্লাহকে সাময়িক বরখাস্ত এবং ফার্মের চুক্তিভিত্তিক (কানামনা) পদে কর্মরত ফার্ম করণিক সোহেল রানাকে চাকুরিচ্যুত করা হয়েছে।
জানা গেছে, চলতি বর্ষার ভরা মৌসুমে কেরুজ বাণিজ্যিক খামারগুলোতে রোপণকৃত আখের গুণগত মান উন্নয়নের লক্ষে ব্যাপক পরিচর্যার জন্যে বিভিন্ন প্রকারের সার প্রদান করে থাকে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন কর্তৃপক্ষ আকন্দবাড়ীয়া পরীক্ষামূলক জৈব সার কারখানা থেকে ১ শ বস্তা জৈব সার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর কৃষি খামারে নেওয়ার নির্দেশ দেয়। সে অনুযায়ী কেরুজ ফার্মের ম্যানেজার আমিনুল ইসলামের যোগসাজসে বেগমপুর কৃষি খামারের ইনচার্জ কায়েস আব্দুল্লাহ ও ফার্মের চুক্তিভিত্তিক (কানামনা) পদে কর্মরত ফার্ম করণিক সোহেল রানা উপস্থিত থেকে ১ শ বস্তা জৈব সার উত্তোলন করেন। তবে নিয়মানুযায়ী কেরুজ নিজস্ব পরিবহনে সংশ্লিষ্ট খামারে সার নেওয়ার কথা থাকলেও অসৎ উদ্দেশ্যে ব্যক্তি মালিকানার গাড়িতে ১ শ বস্তা সার বোঝাই করে অন্যত্র নিয়ে যায়। ১ শ বস্তা জৈব সার খামারে না পৌঁছালে ব্যবস্থাপনা পরিচালক তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে তদন্তের জন্য নির্দেশ দেন। পরে তদন্ত কমিটি তদন্ত করে খামারের মজুতকৃত জৈব সারের সঙ্গে হিসাবের গড়মিল পাওয়ায় ভিন্ন পন্থা অবলম্বন করে গত রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলার সন্তোষপুর মোড়ের সার ও কীটনাশক ব্যবসায়ী হান্নান মেম্বারের দোকান থেকে ৪০ বস্তা জৈব সার উদ্ধার করে। পরে গতকাল সোমবার বেলা একটার দিকে চিনিকল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ সার চুরির দায়ে সংশ্লিষ্ট বেগমপুর কৃষি খামারের ইনচার্জ কায়েস আব্দুল্লাহকে সাময়িক বরখাস্ত এবং একই ফার্মের চুক্তিভিত্তিক (কানামনা) পদে কর্মরত ফার্ম করণিক সোহেল রানাকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া চিনিকলের ফার্ম বিভাগের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে চিনিকলের ফার্ম ম্যানেজার কৃষিবিদ আমিনুল ইসলামকে রংপুরের মহিমাগঞ্জ চিনিকলে বদলি করা হয়।
অন্য একটি সূত্রে জানা যায়, চুরিকৃত কেরুজ ১ শ বস্তা জৈব সার দর্শনা বাসস্ট্যান্ডের আলোচিত চোরাই সারের ব্যবসায়ী বুলুর কাছে প্রথমে বিক্রি করে। পরে বুলু সন্তোষপুরের সার ও কীটনাশক বিক্রেতা আব্দুল হান্নান মেম্বারের কাছে তা বিক্রি করে দেন।
এ বিষয়ে কেরুজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ১ শ বস্তা সার চুরির ঘটনা সঠিক। এর মধ্যে ৪০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে বেগমপুর কৃষি খামারের ইনচার্জ কায়েস আব্দুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ফার্মের চুক্তিভিত্তিক (কানামনা) পদে কর্মরত ফার্ম করণিক সোহেল রানাকে চাকরিচ্যুত করা হয়েছে।
কমেন্ট বক্স