সচেতন না হলে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে
- আপলোড তারিখঃ
২৩-০৬-২০২০
ইং
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণকালে ডিসি-এসপি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে জনসচেতনতা বাড়াতে এ মাস্ক বিতরণ করেন তাঁরা।
মাস্ক বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কোনো নাগরিক মাস্ক ছাড়া ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। নইলে ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়লে জরিমানা দিতে হবে। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। প্রতিনিয়তই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ছোট জেলা হিসেবে চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আর দেশে প্রতিদিনই মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই এখন প্রত্যেক সুনাগরিকের দায়িত্ব সরকারি নির্দেশনা মেনে চলা।
এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। এখন সচেতনতা সব থেকে বেশি প্রয়োজন। এতো বোঝানো সত্ত্বেও সচেতন হচ্ছে না মানুষ। আর সচেতন না হলে আক্রান্ত এবং মৃত্যু উভয়ের সংখ্যায় আরও বেশি বৃদ্ধি পাবে। সরকার একটি গাইডলাইন করে দিয়েছে। সেটি আমাদের মেনে নিয়ে অবশ্যই সেই অনুযায়ী চলতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নেজারত ডেপুটি কালেক্টর ও সহকারী কমিশনার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার আমজাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুব কবির প্রমুখ।
কমেন্ট বক্স