বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হত্যা সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২০ ইং
হত্যা সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি
ডা. রকিব হত্যার প্রতিবাদে দামুড়হুদা, মেহেরপুর ও ঝিনাইদহে মানববন্ধন সমীকরণ প্রতিবেদন: খুলনায় ডা. আব্দুর রকিব খানের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনায় দামুড়হুদা, মেহেরপুর ও ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দামুড়হুদা: খুলনায় ডা. আব্দুর রকিব খানের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব ডাক্তার ও কর্মচারীরা। গতকাল রোববার বেলা দুইটার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ডা. আব্দুর রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন, কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি পালিত হয়। এ সময় ডাক্তার রকিবের সম্মানে দুই মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচি পালনকালে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল। তিনি বলেন, ‘খুলনা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন প্রবীণ কর্মকর্তা ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ বিএমএ-এর আজীবন সদস্য ডা. মো. আব্দুর রকিব খান স্যারের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারের দাবিতে কেন্দ্রীয় বিএমএ-এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা বিএমএ-এর পক্ষে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দামুড়হুদা, চুয়াডাঙ্গা পরিবার কালো ব্যাজ ধারণ, অন্যান্য কর্মসূচি পালনসহ নিহতের বিদেহীর আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সঙ্গে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ, মেডিকেল অফিসার ডা. মুকবুল হাসান, ডেন্টাল সার্জন ডা. ওয়ালিদ, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আবুল কাসেম, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামাল উদ্দিন ও স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ জামাত আলী। উল্লেখ্য, গত ১৪ জুন নগরীর গল্লামারী মোড় এলাকায় রাইসা ক্লিনিকে সিজার হয় বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগরের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগমের। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে খুলনা মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। একপর্যায়ে পথিমধ্যে মৃত্যু হয় তার। এতে ক্ষিপ্ত হয়ে রাতেই ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসক রকিবকে ব্যাপক মারধর করেন শিউলির স্বজনেরা। এ সময় আশপাশের মানুষ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাঃ রকিব খান। মেহেরপুর: `` বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে খুলনা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন কর্মকর্তা ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ বিএমএ-এর আজীবন সদস্য ডা. মো. আব্দুর রকিব খান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। মেহেরপুর জেলা বিএমএ-এর সাধারণ সম্পাদক ডাক্তার আবু তাহের সিদ্দিকীর নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাক্তার আব্দুর রশিদ। পরে চিকিৎসক আব্দুর রাকিব খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর আগে মেহেরপুরে চিকিৎসকেরা কালোব্যাজ ধারণ করেন। ঝিনাইদহ: `` খুলনায় ডা. আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা, ডা. আব্দুর রকিব খান হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর, চিকিৎসক সুরক্ষা আইন ও হত্যা সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’