২৪ ঘণ্টায় আরও ২৩ জন কোয়ারেন্টাইনে
- আপলোড তারিখঃ
২২-০৬-২০২০
ইং
চুয়াডাঙ্গায় নতুন করোনা শনাক্ত নেই, জেলায় মোট আক্রান্ত ১৮০ জন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। গতকাল রোববার রাত আটটায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব এ তথ্য প্রকাশ করে। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮০ জন। জেলায় গতকাল নতুন সুস্থ হয়েছেন ১ জন। সর্বশেষ চুয়াডাঙ্গায় শনিবার ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন অফিস ৩৪ জনের নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ ও ৩০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। গত শনিবার ৬ পুলিশ সদস্যসহ জেলায় নতুন ১২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থতার সংখ্যা ১০২ জন।
গতকাল রোববার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রদত্ত তথ্যমতে, গতকাল চুয়াডাঙ্গার ১৭টি, মেহেরপুরের ২২টি ও কুষ্টিয়ার ১৮২টি নমুনাসহ মোট ২২১টি নমুনা পরীক্ষায় মেহেরপুরে জেলায় ১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গার ৬ জনের, মেহেরপুরে ১ জনের ও কুষ্টিয়ায় ৫ জনেরসহ মোট ১২ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ আসে।
এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা থেকে ২৫টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সদর উপজেলা থেকে ৬টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৫টি ও জীবননগর উপজেলা থেকে ১৪টি নমুনাসহ সংগৃহীত ২৫টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য সূত্রে জানা যায়, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪৫ জন, দামুড়হুদা উপজেলায় ৫৯ জন ও জীবননগর উপজেলায় ১৩ জনসহ মোট আক্রান্ত ১৮০ জন। এ পর্যন্ত সদর উপজেলায় ৪১ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৭ জন, দামুড়হুদা উপজেলায় ২৭ জন ও জীবননগর উপজেলায় ৭ জনসহ মোট ১০২ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গায় প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে সদরের ৫ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন ও দামুড়হুদা উপজেলার ২৬ জনসহ মোট ৩৪ জন। হোম আইসোলেশনে রয়েছে সদরে ১৬ জন, আলমডাঙ্গায় ১৫ জন, দামুড়হুদায় ৫ জন ও জীবননগরে ৬ জনসহ মোট ৪২ জন।
গতকাল অর্থাৎ গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২৩ জন ও কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৬৬ জন। এ পর্যন্ত জেলায় মোট কোয়ারেন্টাইনের সংখ্যা ৩ হাজার ৩৬৬ জন। কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছে ২ হাজার ৮৫৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছে ৫০৭ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৯২৬টি, প্রাপ্ত ফলাফল ১৮৩৫টি। করোনা শনাক্ত হয়েছে ১৮০ জনের, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ১৬৫৫ জনের, সুস্থ ১০২ জন ও মৃত্যু ২ জন।
কমেন্ট বক্স