ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ
মেহেরপুর অফিস:
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শংকর বিশ্বাসের ছোট ভাই বিপুল বিশ্বাসের স্ত্রী সুব্রতা (৩০), ছেলে নিশান (৫) এবং শ্যালক শ্যামল (২৭)। এ ছাড়া ট্রাকের হেল্পার নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদরের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় বিপুল বিশ^াস ও চালক বল্লভপুর গ্রামের সুকুমারের ছেলে রাজন এবং বিপুল বিশ্বাসের শাশুড়ি ডেজিনা মণ্ডল (৫০) আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিপুল বিশ্বাসের ভাই ইউপি সদস্য শংকর বিশ্বাস জানান, গতকাল রোববার সকাল ৭টার দিকে একটি প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল সবাই। এ সময় সকাল ১০টার দিকে গোয়ালন্দ-ঢাকা সড়কে পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ আনতে পরিবার থেকে রাজবাড়ীর উদ্দেশ্য রওনা হয়েছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও নিহতদের গোয়ালন্দ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আইনী কার্যক্রম সম্পাদন করে মরদেহ বল্লভপুর গ্রামে আনা হবে বলে জানান তাদের পরিবারের এক সদস্য।