বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ত্রাণ বিতরণে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২০ ইং
ত্রাণ বিতরণে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না
আলমডাঙ্গায় আ.লীগের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাতকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘দেশে প্রায় তিন মাস যাবৎ আমরা সবাই করোনার কারণে ঘরবন্দী জীবন কাটাচ্ছি। বাংলাদেশ শুধু নয়, বিশ্বের ২১৬টি দেশ করোনায় আক্রান্ত। লাখ লাখ মানুষের জীবনহানি ঘটেছে। পৃথিবীজুড়ে আতঙ্ক বিরাজমান। বাংলাদেশেও মহামারি করোনায় প্রায় ৭১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। ১ হাজার ৯৫ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। আপনাদের কাছে অনুরোধ, সরকারি বিধি নিষেধ মেনে চলুন। কেউ স্বাস্থ্যবিধি অমান্য করবেন না। মুখে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহার না করলে সরকার জরিমানা করবে বলে ঘোষণা দিয়েছে। আমাদের জন্য আপনারা ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আমরা কিন্তু করোনার তৃতীয় ধাপে পা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। ঈদের আগে ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার করে টাকা দিয়েছেন। এ ছাড়াও পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।’ আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনে ও সম্পাদক মতিয়ার রহমান ফারুক। এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, ডা. অমল কুমার বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ সালাউদ্দিন, প্রভাষক গোলাম সরোয়ার, নুরুল ইসলাম দিপু প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা বধ্যভূমিতে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং বধ্যভূমির সার্বিক খোঁজখবর নেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’