সব কাউন্সিলরদের নমুনা সংগ্রহ, পৌর ভবন ‘লকডাউন’
- আপলোড তারিখঃ
১১-০৬-২০২০
ইং
জীবননগর পৌরসভার অফিস সহকারীর করোনা পজিটিভ হওয়ায় বেড়েছে আতঙ্ক
জীবননগর অফিস:
জীবননগর পৌরসভার অফিস সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পৌরসভার ২১ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহের পর ১৩ কাউন্সিলরের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের শরীরে করোনাভাইরাস আছে কি না জানার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, গত সোমবার বিকেলে জীবননগর পৌরসভায় কর্মরত অফিস সহকারী মজিবার রহমানের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এ ঘটনার পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পৌরসভায় কর্মরত ২১ জন কর্মকর্তা-কর্মচারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং পর্যাপ্ত পরিমানে কিট না থাকায় ওই দিন পৌরসভার সব কাউন্সিলরদের পরীক্ষা বন্ধ থাকে। গতকাল বুধবার কিট এলে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, জীবননগর পৌরসভার এমএলএস পদে কর্মরত মজিবার রহমানের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সে কারণে তাঁর সংস্পর্শে আর কারো শরীরে আছে কি না, সে জন্য প্রথম দিন পৌরসভার ২১ জন কর্মকর্তা-কর্মচারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পরদিন বুধবার পৌরসভার ১৩ জন কাউন্সিলরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে, পৌরসভার অফিস সহকারীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় ফলে জীবননগর পৌরসভার পক্ষ থেকে পৌর ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে ।
কমেন্ট বক্স