পুলিশ-সেনাবাহিনীর অভিযান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০২০
ইং
দর্শনায় জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে কাপড় ব্যবসায়ীদের রমরমা ব্যবসা
ওয়াসিম রয়েল:
করোনাভাইরাস নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনা অমান্য করে দর্শনায় রেলবাজার কাপড় ব্যবসায়ীদের বিরুদ্ধে রমরমা ব্যবসা করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের দেওয়া কোনো নির্দশনা মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়নি বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। অবশেষে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সচেতনতামূলক অভিযান এবং আইন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণে জেলা প্রশাসন জেলার সব বাজারের নিত্যপ্রয়োজনীয় কাচামাল, মুদি দোকান, কৃষিপণ্য ও ওষুধের দোকান সল্প পরিসরে সামাজিক দূরুত্ব বজায় রেখে খোলা রাখার সঙ্গে সঙ্গে অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। কিন্তু গতকাল শুক্রবার দর্শনা রেলবাজারের কাপড় ব্যবসায়ীরা রীতিমতো সকাল থেকে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। পরে কিছু সময় যেতে না যেতেই বাজারে ব্যাপক ভিড় করতে থাকেন কাপড় ক্রেতারা। দর্শনা থানার পুলিশ জানতে পেরে দর্শনা রেলবাজারের অভিযান পরিচালনা করে এবং জেলা প্রশাসনের নির্দেশনার কথা ব্যবসায়ীদের জানান। এ সময় ব্যবসায়ীরা জানান, জেলা প্রশাসনের কোনো নির্দেশনার কথা রেল বাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাঁদের জানানো হয়নি। এতে পুলিশকে বাজার নিয়ন্ত্রণে আনতে বেশ বেগও পেতে হয়। কাপড় ব্যবসায়ীরা আরও জানায়, জেলা প্রশাসনের নেওয়া উদ্যোগ বাজার কমিটি যদি মাইকিং করে জানিয়ে দিত, তাহলে এ ধরনের সমস্যা হত না।
এ বিষয়ে রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা জানান, ‘জেলা প্রশাসনের নির্দেশনা আমরা গতকাল (বৃহস্পতিবার) রাতে জানতে পেরেছি। আমরা সবাইকে জানিয়েও দিয়েছি। কিন্তু ব্যবসায়ীরা আমাদের কথা তোয়াক্কা না করেই তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান সকাল থেকে চালু করেন।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানায়, জেলা প্রশাসনের নির্দেশনা পাওয়ার পর দর্শনা থানার আওতাধীন সব বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কঠোরভাবে নির্দেশনাসমূহ জানানো হয়। কিন্তু দর্শনা রেলবাজারের দোকানিরাই শুধু এ ধরনরে একটি অভিযোগ তোলেন। পরে কাপড়ের দোকান বন্ধসহ বাজারে কাপড়ের ক্রেতা শূন্য করতে ও অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পোহাতে হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীসহ দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন ও সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিনের অভিযানে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় দর্শনা রেল বাজারের চাঁদনী টেইলার্স, আলী কসমেটিকস, দর্শনা টেইলার্স ও হাতের ছোয়া গার্মেন্টস প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
কমেন্ট বক্স