তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর চটলেন প্রকৌশলী বোরহান!
- আপলোড তারিখঃ
১৪-০৫-২০২০
ইং
জীবননগরে রাস্তা সংস্কার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
জীবননগর অফিস:
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক মিঠুন মাহমুদের বিরুদ্ধে মামলা ও মারধর করার হুমকি দিয়েছেন জীবননগর উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন। জীবননগর উপজেলার মনোহরপুরে একটি রাস্তা সংস্কার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম, মানহীন ইট ব্যবহার আর মাটিভর্তি বালি দিয়ে সংস্কার করার অভিযোগের তথ্যানুসন্ধানের একপর্যায়ে ওই প্রকৌশলীর কাছে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় চলছে।
সরেজমিনে দেখা গেছে, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ডেঙ্গাপাড়া হতে আকন্দবাড়িয়া অভিমুখে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। কাজটি করছে সেল-ইউডিসি-জাকা জেভি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেখানে শিডিউল অনুযায়ী হচ্ছে না কিছুই। খোয়ার পরিবর্তে সুড়কি আর বালির পরিবর্তে রাস্তার ওপরে মাটি দিতে দেখা গেছে। তা ছাড়া রাস্তা সংস্কারের সময় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের একজন কর্মকর্তা থাকার কথা থাকলেও সেখানে গিয়ে কাউকে চোখে পড়েনি। বরং ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার আর লেবারদের মাধ্যমে কাজটি সম্পন্ন হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘রাস্তা নির্মাণের জন্য যে ইট, খোয়া ও বালি দেওয়ার কথা, তা না দিয়ে তারা মানহীন ইট, বালির পরিবর্তে মাটি আর খোয়ার পরিবর্তে সুড়কি দিয়ে রাস্তার কাজ করছে। প্রতিবাদ করাই ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার বলে, রাস্তার কাজ করছে জীবননগরের আরিফ আর মনোহরপুরের বকুল মিয়া। পারলে তাদের কাছে যেয়ে বল। রাস্তার কাজ এভাবেই শেষ হবে। তা ছাড়া একজন করে ‘এসও’ থাকার কথা থাকলেও তিনিও থাকেন না। তাদের মন মতো কাজ করে যাচ্ছে। এ রাস্তা বেশি দিন টিকবে না। আগের যে রাস্তা ছিল, সেটাও এর ছাড়া ভালো ছিল।’
এদিকে, এমন অভিযোগের ভিত্তিতে মাইটিভি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ জীবননগর উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিনের কাছে রাস্তা সংস্কার কাজের তথ্য চাইতে যান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মিঠুন মাহমুদের ওপর মারমুখী আচরণ ও তাঁকে অফিস থেকে বের করে পুলিশে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন।
তথ্যানুসন্ধানে জানা গেছে, জীবননগর উপজেলায় যেসব রাস্তা-ঘাট, স্কুল-কলেজ নির্মাণের কাজ হয়, তার কমিশন হিসাব করে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেন উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন এবং সহকারী রফিক হোসেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার অভিযোগ করে বলেন, ‘লটারির মাধ্যমে আমরা কাজ পেলেও প্রকৌশলী বোরহান উদ্দিন তাঁর অফিসের সহকারী রফিক সাহেবের মাধ্যমে আমাদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। না দিলে আমরা যতই শিডিউল অনুযায়ী কাজ করি, তিনি ভুল ধরেন। যার ফলে তাঁকে টাকা দিলে তিনি অনিয়মকে নিয়মে পরিণত করে থাকেন। এ রকম অসংখ্য রাস্তার কাজে চরম অনিয়ম ও দুর্নীতি চলছে। যার মূলহোতা উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন ও সহকারী রফিক হোসেন।’
এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নাগরিক থেকে শুরু করে সাংবাদিকদের একাধিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, একাত্তর টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন, যমুনা টিভি ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, ক্রীড়া সম্পাদক এস এম শাফায়েত, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অ্যাড. আকিমুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।
কমেন্ট বক্স