চুয়াডাঙ্গায় এবার আনসার সদস্যের করোনা পজেটিভ
- আপলোড তারিখঃ
১৪-০৫-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী পুলিশ ক্যাম্পের এক আনসার ব্যাটালিয়ন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ তথ্য এসে পৌঁছায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বুধবার চুয়াডাঙ্গার চারটি নমুনার ফলাফল পাঠিয়েছে। উক্ত ফলাফলে তিনজন নেগেটিভ ও একজনের পজেটিভ শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত সদর থেকে ২৯৫টি নমুনা, আলমডাঙ্গা থেকে ১৫২টি, জীবননগর থেকে ২৭টি, দামুড়হুদা উপজেলা থেকে ১১৯টি নমুনাসহ মোট ৫৯৩টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৯ জন, আলমডাঙ্গা উপজেলা থেকে ১০ জন, দামুড়হুদা উপজেলা থেকে ৩ জনসহ মোট ৩১ জন করোনা শনাক্ত হয়েছেন।
ব্যাটালিয়ন সদস্য আক্রান্তের বিষয়ে গোকুলখালী পুলিশর ফাঁড়ির ইনচার্জ বলেন, কিছুদিন পূর্বে ওই আনসার সদস্য হার্টের অসুখ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান। এরপর সেখানে আরও অসুস্থবোধ করলে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সকালে তাঁর পজেটিভ রিপোর্ট আসে। এরপর পরই তাঁকে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ আনসার হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর সংস্পর্শে থাকা আরও তিনজন ব্যাটালিয়ন সদস্যকে আনসার হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪টি রিপোর্ট এসেছে। উক্ত রিপোর্টে একজন করোনা শনাক্ত হয়েছেন। তিনি একজন ব্যাটালিয়ন সদস্য বলে জানতে পেরেছি। চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ আনসার হেড কোয়ার্টারে তাঁর আইসোলেসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তাঁর সংস্পর্শে থাকা অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে (১৩ মে) প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলা থেকে মোট নমুনা সংগ্রহ ৫৯৩টি, প্রাপ্ত রিপোর্ট ৪৪৬টি, পজেটিভ ৩১টি, নেগেটিভ ৪১৫টি, সুস্থ ১ ও মৃত্যু ১। জেলার বাইরে থেকে সংগৃহীত নমুনায় জেলায় করোনা শনাক্ত ৪টি। চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা শনাক্ত ৩৫ জন। বুধবার পাঠানো ৪৬টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৪৭টি।
কমেন্ট বক্স