চুয়াডাঙ্গায় নতুন পাঁচজনের করোনা পজিটিভ
- আপলোড তারিখঃ
১৩-০৫-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নতুন আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত করেছে যবিপ্রবির জিনোম গবেষণাগার। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে ৬২টি ফলাফল এসে পৌঁছায়। উক্ত ফলাফলে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের তিনজন কর্মী, সদর হাসপাতালের একজন ল্যাব টেকনোলোজিস্ট ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের একজনসহ মোট পাঁচজন করোনা শনাক্ত হয়েছেন। অন্য ৫৭টি নমুনার ফলাফল নেগেটিভ। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সম্প্রতি জেলা হিসাবরক্ষণ অফিসের এক কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়। একজন করোনা শনাক্ত হওয়ায় অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়। জেলা হিসাবরক্ষণ অফিস থেকে সংগৃহীত নমুনায় গতকাল মঙ্গলবার আরও তিনজনের করোনা শনাক্ত হয়। এ ঘটনায় সকালেই অফিসটি লকডাউন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, ৬২টি নমুনার ফলাফল পাঠিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও ৫৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা শনাক্ত পাঁচজনের মধ্যে একজনকে হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে। অন্যদের আইসোলেসন ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, হিসাবরক্ষণ অফিসের আরও তিনজন করোনা আক্রান্ত হওয়াই অফিসটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে নমুনা পরীক্ষা করার জন্য বলা হয়েছে।
কমেন্ট বক্স