আজব হলেও গুজব নয় : অমীমাংসিত ২৮টি পজেটিভ রিপোর্টের ২৭টিই নেগেটিভ
- আপলোড তারিখঃ
৩০-০৪-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
আজব হলেও গুজব নয়। চুয়াডাঙ্গায় অমীমাংসিত করোন পজেটিভ ২৮টি নমুনার পুনঃপরীক্ষার রিপোর্টে ২৭টিই নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা আইইডিসিআর ওই ২৮টি পজেটিভ নমুনার ২৭টিই নেগেটিভ ও একটি মাত্র পজেটিভ বলে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে ২৫ এপ্রিল করোনা সন্দেহে ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনা ২৬ এপ্রিল নতুন আরও ৩২ জনের সংগৃহীত নমুনার সঙ্গে মোট ৮৩টি নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গবেষণাগারে পাঠানো হয়। ২৮ এপ্রিল ২৮ জনের পজেটিভ রিপোর্টসহ এ ৮৩টি নমুনার ফলাফল আমাদের কাছে পাঠায়। পরে ২৮টি পজেটিভ রিপোর্টকে অমীমাংসিত বলে তা স্থগিত করে আইইডিসিআর-এ পাঠায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উক্ত অমীমাংসিত রিপোর্টের ২৭টিই নেগেটিভ ও পজেটিভ মাত্র একটি বলে জানিয়েছে আইইডিসিআর।’
কমেন্ট বক্স