দূরপাল্লার বাসে যাত্রী সংকট, বন্ধের সিদ্ধান্ত আসছে
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০২০
ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে সীমিত আকারে চলাচল করছে বাস
নিজস্ব প্রতিবেদক:
করোনা আতঙ্কে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে সীমিত আকারে বাস চলাচল করছে। বাস মালিকেরা বলছেন, দূরপাল্লার বাসে যাত্রী সংকট থাকায় কিছুটা কমানো হয়েছে চলাচলকৃত বাসের সংখ্যা। তবে সরকারের সিন্ধান্তের ওপর নির্ভর করছে পুরোপুরি বন্ধ করা হবে কি না। এদিকে, রাজশাহী, খুলনাসহ দেশের কোথাও কোথাও পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে দূরপাল্লার বাস চলাচল। তাই চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে পুরোপুরিভাবে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়সহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এসি-ননএসি বেশ কিছু দূরপাল্লার বাস। করোনা আতঙ্কে অনেকটাই মানুষ চলাচল করছে না। জরুরি কাজ ছাড়া বাইরে বেরোচ্ছেন না সচেতন মানুষেরা। চুয়াডাঙ্গার বাস মালিক লোটাস বলেন, ‘চুয়াডাঙ্গা হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে যাত্রী সংখ্যা একেবারেই কম। কোনো কোনো ক্ষেত্রে প্রায় খালি বাসই যেতে হচ্ছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলোতে মোটামুটি যাত্রী আসছে। তবে তাতে লোকসান হচ্ছে আমাদের। এজন্য বাসের সংখ্যা কিছুটা কমিয়ে সীমিত করা হয়েছে।’
চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সভাপতি এ নাসির জোয়ার্দ্দার বলেন, ‘যাত্রী কম থাকায় চলাচলকৃত বাসের সংখ্যা কিছুটা কমিয়ে এনে সীমিত করা হয়েছে। তবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কি না, সে ব্যাপারে মালিক গ্রুপ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ মঙ্গলবার আমাদের একটি সভা আছে, সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তা ছাড়া সরকার যদি বন্ধ করতে বলে, তাহলে তাৎক্ষণিক আমরা বাস চলাচল বন্ধ করে দিবো।’
চুয়াডাঙ্গা ট্রাক মালিক গ্রুপের সাইফুল হাসান জোয়ার্দ্দার বলেন, ‘ট্রাক বন্ধ করলে তার প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের ওপর। খাদ্যদ্রব্য পরিবহনে ট্রাকের ভূমিকায় প্রধান। সে কথা ভেবে আমরা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আমাদের কমিটির সভায় সিন্ধান্ত হলে অথবা সরকারিভাবে নির্দেশনা পেলে আমরা বন্ধ করে দিবো। আপাতত সড়কে ট্রাক চলবে।’
কমেন্ট বক্স