মৃত্যুপুরী ইতালি : এক দিনেই মৃত্যু ১৬৮ জনের
- আপলোড তারিখঃ
১২-০৩-২০২০
ইং
৭০ শতাংশ জার্মান নাগরিক সংক্রমিত হতে পারে * ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত
সমীকরণ প্রতিবেদন:
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। ইতালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে কভিড-১৯ এ মৃত্যু হয়েছে ১৬৮ জনের। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছেন, তার দেশের ৭০ শতাংশ মানুষ এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। যুক্তরাষ্ট্রে সংক্রমিত মানুষের সংখ্যা ১ হাজার ছাড়ানোর পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার দাবি তুলছেন মার্কিন আইনপ্রণেতারা। খবর:বিবিসি, সিএনএন ও আলজাজিরার। নভেল করোনা ভাইরাস এখন পর্যন্ত অন্তত ১১১ দেশে ছড়িয়েছে। আক্রান্ত প্রায় ১ লাখ ১৬ হাজার এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ২০০ জনের বেশি মানুষের। এই ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে সংক্রমণ ও মৃত্যুর হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রদেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। যদিও বিদেশি ও বিদেশফেরত চীনাদের মাধ্যমে এই ভাইরাস আবারও ছড়ানোর ঝুঁকি রয়েছে। বেইজিংয়ে কোনো বিদেশি গেলে তাকে ১৪ দিনের কোয়ারেনটাইনে যেতে হবে বলে চীনা সরকার জানিয়েছে। ভয়াবহ এই ভাইরাস গত বছরের ডিসেম্বরে উহান শহর থেকে ছড়ায় বলে মনে করা হয়।
চীন যখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন এই ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ইউরোপ। বিশেষ করে ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত মানুষ ও মৃতের সংখ্যা। দেশটিতে ৬ কোটি মানুষকে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। এরপরও এক দিনেই ১৬৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৬৩১ জনে দাঁড়িয়েছে আর আক্রান্ত ১০ হাজার ১৪৯ জন। ব্রিটেনে করোনার সংক্রমণ বাড়ছে। এরই মধ্যে দেশটির জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী ও কনজারভেটিভ এমপি নাদিন ডরিয়েস আক্রান্ত হয়েছেন। তিনি বাড়িতে ‘সেলফ-কোয়ারেনটাইনে’ রয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি সতর্কতামূলক সব ধরনের পরামর্শ মেনে চলছেন। মিড বেডফোর্ডশায়ার থেকে নির্বাচিত ডোরিয়েসই প্রথম এমপি যিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, যারা তার সংস্পর্শে এসেছিলেন পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) তাদের চিহ্নিত করা শুরু করেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার মধ্যে প্রথম লক্ষণ দেখা যায় মঙ্গলবার, ঐ দিন তিনি ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাকা এক বৈঠকেও উপস্থিত ছিলেন। শুক্রবার থেকে তিনি স্বেচ্ছা-আইসোলেশনে থাকা শুরু করেছেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কি না বা পরীক্ষা করা হবে কি না, এ বিষয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট কোনো মন্তব্য করেনি। স্বাস্থ্যমন্ত্রী হ্যানককসহ সব স্বাস্থ্যমন্ত্রী ও যেসব কর্মকর্তারা ডোরিয়েসের সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে পরীক্ষা করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত যুক্তরাজ্যে ৪৫৬ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। দেশটিতে ছয় জনের মৃত্যু হয়েছে।
জার্মানিতে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেছেন যে—জার্মানির ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। বার্লিনে এক সাংবাদিক সম্মেলনে তিনি সভা-সমাবেশ এড়ানোর আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত জার্মানিতে প্রায় ১ হাজার ৩০০ মানুষ আক্রান্ত হয়েছেন। দুই জনের মৃত্যু হয়েছে। স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতা করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপের ২৭ দেশের নেতারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক বৈঠকে গতকাল মিলিত হন। যুক্তরাষ্ট্রে সংক্রমিত মানুষের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা এখন ৩১। এখন থেকে নিউইয়র্কের নিউ রোশেলে ‘নিয়ন্ত্রিত এলাকায়’ কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাবার সরবরাহ করবে সেনারা।
ইরানে মঙ্গলবার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৫৪ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ হাজারেরও বেশি। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। ফ্রান্স, জার্মানি এবং স্পেনের নাগরিকদের ভিসা বাতিল করেছে ভারত। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান প্রদেশে ১৪ বছরের এক কিশোরের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। দেশটিতে ২০ জনের শরীরে এখন পর্যন্ত সংক্রমণ ধরা পড়েছে। ইন্দোনেশিয়া, পানামা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। উদ্বেগের মধ্যে ইরাকের কারবালা শহরে জুমার নামাজের জামাত বাতিল করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে মার্কিন ফরেন রিলেশন কাউন্সিল আগামীকাল শুক্রবার নিউইয়র্কে বৈঠক ডেকেছিল। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কেই শেষমেশ এই বৈঠক বাতিল করা হয়েছে। বিশ্বজুড়ে পর্যটন খাত বড়ো ধরনের ক্ষতির মুখে পড়েছে।
কমেন্ট বক্স