ফেনসিডিল, মদসহ তিনজনকে আটক
- আপলোড তারিখঃ
১০-০৩-২০২০
ইং
দর্শনার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দর্শনার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযানে ফেনসিডিল, মদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার পৃথক অভিযানে মাদকসহ ওই তিনজনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামের গলায়দড়ি ব্রিজের পাশ থেকে
১৩৯ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন দর্শনা থানার অন্তর্গত ছয়ঘরিয়া গ্রামের জয়নালের ছেলে শাহিন (২৮) ও একই গ্রামের সওকত আলীর ছেলে এনামুল (২৩)। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫৫ হাজার ৬ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ আটক দুইজনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি করে নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে, একইদিন সোমবার বেলা দুইটার দিকে মাদকবিরোধী বিশেষ টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বারাদি মাঠ থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির বিশেষ টহল কমান্ডার হাবিলদার মো. ওবাইদুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত প্রতাবপুর গ্রামের জিরেট রোড নামক স্থান থেকে ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। উদ্ধার হওয়া মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অন্যদিকে, গত রোববার বেলা দেড়টার দিকে মাদকবিরোধী বিশেষ টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত রামনগর গ্রামের মোড় থেকে ১২ বোতল ফেনসিডিলসহ তারিক রহমান (২২) নামের একজনকে আটক করেন। আটক তারিক রহমান দর্শনা ইসলামপুরের আরকান আলীর ছেলে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ হাজার ৮ শ টাকা। উদ্ধার ফেনসিডিলসহ আসামিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স