কালীগঞ্জে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাইয়ের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৭-০৩-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে মিষ্টি কুমড়া নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের বটির কোপে জখম হওয়া বড় ভাই শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত বড় ভাই শাহবুদ্দিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর বাড়ির পাশে খেলা করছিল নিহতের ছোট মেয়ে শারমিন। খেলার সময় শারমিনসহ অন্য শিশুরা বাড়ির পাশের খেত থেকে একটি মিষ্টি কুমড়া ছিঁড়ে আনে। এরপর শারমিনকে অকথ্য ভাষায় গালাগাল করে তার চাচা শুকুর আলী ও তার স্ত্রী পারুল। পরে শাহাবুদ্দিন মেয়েকে গালাগালের প্রতিবাদ করলে তার ওপর হামলা করে ছোট ভাই শুকুর আলী। গুরুতর অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন মারা যান শাহাবুদ্দিন।
রওশনারা বেগম জানান, ‘চিকিৎসাধীন বৃহস্পতিবার রাতে আমার স্বামী মারা গেছেন। গত ১৮ ডিসেম্বর মো. শুকুর আলী ও তার স্ত্রী পারুল বেগমকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করি মামলার প্রধান আসামি শুকুর আলীকে পুলিশ আটক করে। মামলা উঠিয়ে নেয়ার জন্য আসামিরা বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি দেয়। মামলা করে আমি নিজেও পালিয়ে বেড়াচ্ছি। আমার দুই ছোট মেয়েসহ আমি বাড়ির বাইরে বের হতে পারি না। আমি আমার ছোট দুই মেয়েকে নিয়ে কী করে দিন কাটাব?’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ‘ঘটনাটি আমি শুনেছি, আঘাতপ্রাপ্ত ব্যক্তি মারা গেছেন। তাঁর মৃত্যুর সনদ পেলেই আমরা ধারা সংযোজন করে আদালতে পাঠাব।’
কমেন্ট বক্স