মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফল-সবজিতে জৈব বালাইনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি কমাবে

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২০ ইং
ফল-সবজিতে জৈব বালাইনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি কমাবে
পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনকালে ড. দেবাশীষ সরকার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাক-সবজির পোকামাকড় এবং রোগবালাই ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির প্রশিক্ষণকক্ষে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বাংলাদেশে শাক-সবজি, ফল ও পান ফসলের পোকমাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশকভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৭০ জন অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বারির কীটতত্ত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং প্রকল্প পরিচালক ড. দেবাশীষ সরকার। প্রধান অতিথির বক্তব্যে ড. দেবাশীষ সরকার বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমান সরকার দেশের মানুষকে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবারের নিশ্চয়তার কথা বলছে। সরকারের সেই লক্ষ্য অর্জনে বারির বিজ্ঞানীরা কাজ করে চলেছেন। নিরাপদ খাদ্য এখন মানুষের অধিকার। ফসলে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করলে তা জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে উঠতে পারে। এজন্য আমাদের জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে, সেগুলোকেও ব্যবহার করতে হবে। এতে আমরা যেমন নিরাপদ থাকব, তেমনি আমাদের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি কমে আসবে।’ অনুষ্ঠানে কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগ খামার বাড়ি ঢাকার উপপরিচালক কৃষিবিদ রেজাউল ইসলাম, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফ উদ্দীন ও অন ওয়েল অ্যাডব্রোকেন লিমিটেডের পরিচালক নিহারুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীরা ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশকের গুরুত্ব, বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড়ের পরিচিতি, ক্রিয়ার ধরণ, ক্ষতির ধরণ, এদের দমনে জৈব বালাইনাশকভিত্তিক সহজ পদ্ধতি এবং ফল ও শাক-সবজি হতে বালাইনাশকের অবশিষ্টাংশ দূরীকরণ পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী