খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের
- আপলোড তারিখঃ
০১-০৩-২০২০
ইং
দত্তনগর বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
এ আর ডাবলু/আব্দুর রহিম:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আদালত যে রায় দিবে, সেই রায় মেনে নিতে হবে। এখানে সরকারের কোনো কর্তৃত্ব নেই।’ গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে চলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে দিয়েছেন, সেই নীতিমালা ফলো করেই আমরা চলছি।’
পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহেশপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। দত্তনগর বীজ উৎপাদন খামার ও মহেশপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রধান অতিথির বক্তব্যে দত্তনগর বীজ উৎপাদন খামারে শৈশবের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ১৯৫৬ সালে তাঁর পিতা আশরাফ আলী খান চাকরির সুবাদে এশিয়ার বৃহত্তম কৃষি ফার্ম দত্তনগরে আসেন। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করে এবং কৃষি বিভাগের ওপর পরিচালনার দায়িত্ব অর্পণ করে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পরে ১৯৫৬ সালে তাঁর পিতা আশরাফ আলী খান দত্তনগর কৃষি ফার্মের একজন কৃষিবিদ হিসেবে যোগদান করেন। পিতার চাকরির সুবাদে তাঁরা তখন সপরিবারে দত্তনগরে আসেন। তখন মন্ত্রীর বয়স ছিল ছয় বছর। তিনি আরও বলেন, ‘এখানে এসে আমার এখনকার জনগণ এবং পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।’
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চল, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর, সাবেক সাংসদ নবী নেওয়াজ, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম বার ও দত্তনগর বীজ উৎপাদন খামারের যুগ্ম পরিচালক সেলিম হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়েজউদ্দিন হামিদ, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, দত্তনগর বীজ উৎপাদন খামারের উপপরিচালক দেলোয়ার হোসেন, মথুরা বীজ উৎপাদন খামারের উপপরিচালক মজিবুর রহমান, পাথিলা বীজ উৎপাদন খামারের উপপরিচালক কামরুজ্জামান, সরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স